আন্তর্জাতিক

পরমাণু কেন্দ্র থেকে আক্রমণে রাশিয়া

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসেছেন বিশ্বনেতারা। সেখান থেকেই রাশিয়ার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

ইউক্রেনের জাপোরিজ্ঝিয়া পরমাণু কেন্দ্রটি রাশিয়া দখল করে নিয়েছে। ওই পরমাণু কেন্দ্র থেকেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার সেনা ক্ষেপণাস্ত্র আক্রমণ করছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করার সময় ব্লিঙ্কেন বলেন, ওই পরমাণু কেন্দ্র থেকে রাশিয়া আক্রমণ চালাচ্ছে। তারা জানে, ইউক্রেনের সেনা পাল্টা পরমাণু কেন্দ্রে আক্রমণ চালাতে পারবে না। সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। মস্কো সেই সুযোগটাই ব্যবহার করছে। যা শুধু অন্যায় নয়, অবৈধও।

নিউ ইয়র্কে পরমাণু অস্ত্রের ব্যবহার আটকানো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য সেখানে যোগ দেননি। তবে তিনি একটি নোট পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, পরমাণু যুদ্ধে কেউ জয়ী হতে পারে না। তাই আশা করা যায়, কোনো দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করবে না।

সম্মেলনে যোগ দেওয়া অন্য দেশগুলো অবশ্য রাশিয়ার তীব্র নিন্দা করেছে। আন্তর্জাতিক অ্যাটমিক এজেন্সির ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রসি জানিয়েছেন, জাপোরিজ্ঝিয়া পরমাণু কেন্দ্রে যে কোনো সময় বিরাট দুর্ঘটনা ঘটতে পারে। রাশিয়াকে তার দায় নিতে হবে।

জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ঠান্ডা যুদ্ধের পর থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা এত প্রবলভাবে কখনো দেখা যায়নি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসন দেখে বোঝা যাচ্ছে, পরমাণু অস্ত্র এখনো ভূরাজনীতির বাস্তবতা।

ইউক্রেনের পরমাণু কেন্দ্র থেকে লড়াই চালানোর যে অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে তোলা হয়েছে, সে বিষয়ে মস্কো এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension