
চীনে মাছ-কাঁকড়াদেরও কোভিড পরীক্ষা করা হচ্ছে
চীনের জিয়ামেনে কোভিড -১৯ এর সাম্প্রতিক বৃদ্ধির মধ্যে, উপকূলীয় শহরে জোরকদমে পরীক্ষা চলছে। বিবিসি জানিয়েছে, ৫ মিলিয়নেরও বেশি লোককে কোভিড-১৯ পরীক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি সমুদ্রের কিছু প্রাণীও তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। টুইটারে সাউথ চায়না মর্নিং পোস্ট (SCMP ) দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে পিপিই কিট পরিহিত এক স্বাস্থ্যকর্মী মাছের মুখের ভিতরে কটন বাড্স ঢুকিয়ে সোয়াব টেস্ট করছে।
কাঁকড়ারও কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। ভিডিওটি চীনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উত্তপ্ত আলোচনার সূত্রপাত করে। যদিও কিছু নেট ব্যবহারকারী সমুদ্রের প্রাণীকুলের পরীক্ষা করার জন্য কর্তৃপক্ষকে উপহাস করেছেন, অন্যরা তাদের সমর্থন করে বলেছেন যে এতে সমাজের মঙ্গল হবে ।
অপরদিকে, মৎস্যজীবীদের জন্যও একাধিক নির্দেশ বেঁধে দিয়েছে প্রশাসন। সমুদ্রে যাওয়ার আগে টিকাকরণ বাধ্য়তামূলক। সমুদ্রে থাকাকালীনও দিনে একবার করে করোনার টেস্ট বাধ্যতামূলক। সমুদ্র থেকে ফিরলে, মৎস্যজীবীদেরও শিকার করা মাছ, কাঁকড়া ইত্যাদিরও করোনা টেস্ট করাতে নির্দেশ দেয়া হয়েছে।
ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, হাইনান দ্বীপে একটি ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গণ পরীক্ষা করা হয়েছে, সরকার মনে করছে একটি মাছের দোকান থেকে এই প্রাদুর্ভাব শুরু হয়েছে। চীনের গবেষকরা দেখেছেন যে কোভিড -১৯ ভাইরাস হিমায়িত খাবার, প্যাকেজিং এবং কোল্ড-চেইন পণ্যগুলিতেও থাকতে পারে।
তারা আমদানি করা পণ্যগুলির সাথে কিছু সংক্রমণের লিঙ্কও খুঁজে পেয়েছে। সরকার সুপারমার্কেটে আমদানি করা পণ্যের জন্য আলাদা কুলার সিস্টেম রেখেছে ।জিয়ামেন মিউনিসিপ্যাল ওশেনিক ডেভেলপমেন্ট ব্যুরোর একজন স্টাফ সদস্য বলেছেন , ‘আমরা মৎস্যজীবীদের পাশাপাশি তারা যে যে জিনিস সমুদ্র থেকে নিয়ে আসে সেগুলিও পরীক্ষা করি – এমনকি সামুদ্রিক খাবারের নমুনাও পরীক্ষা করে দেখা হয়।’
‘বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের জুনে বেইজিংয়ে একই ধরনের প্রাদুর্ভাবের ফলে স্যামন নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।গত দুই বছরে কোভিড-১৯-এর বিরুদ্ধে চীনের অভিযানের শিকার জলহস্তিরাও।এই বছরের মে মাসে, হুঝোতে একটি বন্য পার্কে একটি হিপ্পোকে পরীক্ষা করার ফুটেজ অনলাইনে প্রকাশিত হয়েছিল৷
বিবিসি



