আন্তর্জাতিক

ঋষির ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়াকে দীপাবলির উপহার ভাবছে ভারতীয়রা

১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যাওয়ার পথ এখন পাকা। ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন তিনি।

আলজাজিরা জানিয়েছে, ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাওয়ায় ভারতীয়রা ব্যাপক আনন্দে মেতেছেন।

সারা বিশ্বের হিন্দুরা দীপাবলি যেভাবে উদযাপন করে, অনেকটা সেভাবেই খুশিতে আত্মহারা তারা। ঋষি সুনাক ব্রিটেনের চেয়ারে বসতে যাওয়ার বিষয়টিকে দীপাবলির উপহার হিসেবে বিবেচনা করছে বহু ভারতীয় নাগরিক।
প্রকাশ্যে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনো সরব না হলেও নিজেকে বরাবরই ‘গর্বিত হিন্দু’ হিসেবেই তুলে ধরে এসেছেন ঋষি সুনাক। যা তার রাজনৈতিক উচ্চাকাঙ্খায় কখনো কখনো ‘কাঁটা’ হয়ে দাঁড়ালেও ‘হিন্দু পরিচয়’ দূরে রেখেই এবার ব্রিটেনের গদিতে বসতে চলেছেন তিনি। প্রশ্ন উঠতে শুরু করেছে, এমপি হিসেবে শপথ নেওয়ার মতো এবারও কি ভগবত গীতা ছুঁয়েই শপথ নেবেন ঋষি সুনাক।

ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে চলেছেন ৪২ বছর বয়সী ঋষি। ১৯৮০ সালে ব্রিটেনের সাউদাম্পটনে জন্ম হলেও ঋষির পরিবারের ভারত-যোগ বহু পুরনো। ঋষি সুনাকের আদি বাড়ি ভারতের পাঞ্জাবে।

ব্রিটিশ শাসনকালে কাজের সূত্রে ঋষির দাদা নাইরোবি চলে যান। তার পর ষাটের দশকে আফ্রিকা ছেড়ে ব্রিটেনে চলে আসে সুনাক পরিবার। ঋষির বাবা চিকিৎসক এবং মা ছিলেন ফার্মাসিস্ট।

ঋষি সুনাক ইনফোসিস প্রধান নারায়ণ মূর্তির জামাই। নারায়ণের মেয়ে অক্ষতাকে ২০০৯ সালে বিয়ে করেন তিনি। স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে একাধিকবার বেঙ্গালুরুতে পরিবারের সঙ্গে সময় কাটাতেও দেখা গেছে ঋষিকে।

বিভিন্ন সাক্ষাৎকারে তিনি পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্য নিয়ে কথা বলে এসেছেন। রীতি মেনে গত দীপাবলিতে নিজের বাড়িতে প্রদীপ জ্বালিয়েছিলেন ঋষি। বরিস জনসনের আমলে চ্যান্সেলর পদে থাকার সময় ডাউনিং স্ট্রিটের বাড়িতে প্রদীপ জ্বালাতে দেখা গিয়েছিল তাকে।

২০১৭ সালের সাধারণ নির্বাচনে জিতে সাংসদ হওয়ার পর শপথ গ্রহণের সময় গীতায় হাত রাখতে দেখা গিয়েছিল ঋষি সুনাককে। তিনিই প্রথম সাংসদ হিসেবে ব্রিটেনের পার্লামেন্টে দাঁড়িয়ে সেই কাজ করেছেন। তা নিয়ে বিস্তর আলোচনাও হয়েছিল ব্রিটেনের রাজনৈতিক মহলে। সমালোচিত হওয়ার পরেও নিজের অবস্থানে অনড় থেকেছেন সুনাক।

কনজারভেটিভ দলের একাংশের মতে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময়েও গীতা ছুঁতে দেখা যেতে পারে ঋষিকে। কারণ, তিনিই এক সময়ে বলেছেন, তিনি যখনই মানসিক চাপে থাকেন, তখন গীতা তাকে উদ্ধার করে। আরও বেশি দায়িত্ববান হওয়ার কথা বলে গীতা।

একটি সাক্ষাৎকারেও তাকে বলতে শোনা গেছে, আমার বিশ্বাস আমায় শক্তি দেয়। আমার লক্ষ্য স্থির করে দেয়। মনে হয়, আমারই একটি অংশ তা।

যদিও অন্য একটি অংশের অভিমত, এমপি হিসেবে গীতা ছুঁয়ে শপথ নিলেও প্রধানমন্ত্রী হিসেবে এত বড় ঝুঁকি নেবেন না ঋষি। আর শুধু তো গদিতে বসাই নয়, তার কাজের ওপরই নির্ভর করবে আগামী সাধারণ নির্বাচনে কনজারভেটির পার্টির ভাগ্য। তাই, দলের স্বার্থের কথাও বেশি করে মাথায় রাখতে হবে তাকে।

বরিস জনসন ইস্তফা দেওয়ার পরে ভাবী প্রধানমন্ত্রী হিসেবে কনজারভেটিভ মন্ত্রীদের সব থেকে পছন্দের প্রার্থী ছিলেন এই সাবেক অর্থমন্ত্রী। কিন্তু দলের সাধারণ সদস্যদের ভোটাভুটিতে লিজ ট্রাসের কাছে হেরে যান তিনি। তার হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সেই সময় অনেকেই দাবি করেছিলেন, হিন্দু বংশোদ্ভূত পরিচয়ই সুনাকের সামনে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

বরিস জনসন পদত্যাগ করার পর ট্রাস এবং ঋষি দু’জনেই অর্থনৈতিক সঙ্কট সামাল দেওয়ার কথা বলেছিলেন। তাই, সাধারণ সদস্যদের ভোটাভুটিতে ঋষির ‘অন্য পরিচয়’ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

দলের একাংশের দাবি, অর্থনীতি সামাল দিতে ট্রাসের ‘টোটকা’ যে ব্যর্থ হতে চলেছে, তা সেই সময়েই ভবিষ্যদ্বাণী করে রেখেছিলেন ঋষি। তা-ই বাস্তবে ঘটে যাওয়ায় এখন অধিকাংশ নেতাই নিজেদের ভুল মেনে নিয়েছেন। তারা এখন বুঝতে পারছেন, আসলে ঋষিই পারবেন এই সঙ্কট থেকে মুক্তি দিতে।

সে কারণে এ পরিস্থিতিতে আর ঋষির ভারত-যোগ বা ‘হিন্দু পরিচয়’ বড় হয়ে দাঁড়ায়নি। তিনি গীতা ছুঁয়ে শপথ নেবেন কি না, তা-ও এখন আর গুরুত্বপূর্ণ নয়। কারণ, সমস্যাটা সম্পূর্ণ আলাদা।

তবে ব্রিটেনের অর্থনীতিকে স্থিতিশীল করতে নতুন প্রধানমন্ত্রীকে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। পর্যবেক্ষকরা বলছেন, ঋষি সুনাক বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন। কারণ, তার দল কনজারভেটিভ পার্টি সব দিক থেকে কড়া সমালোচনার মুখে রয়েছে।

বর্তমান ব্রিটিশ অর্থনীতি সম্পর্কে ব্রিটিশ ধনকুবের গাই হ্যান্ডস যুক্তরাজ্যকে ‘ইউরোপের অসুস্থ মানুষ হওয়ার পথে’ নিয়ে যাওয়ার জন্য কনজারভেটিভ পার্টিকে কাঠগড়ায় তুলেছেন।

তিনি মনে করেন, ব্রেক্সিট-পরবর্তী সময়ে রক্ষণশীলদের নীতি হচ্ছে ‘অধিকতর কর ও সুদ, কিন্তু কম পরিষেবা’। গাই হ্যান্ডস আরো বলেন, সরকারকে ব্রেক্সিট নিয়ে পুনর্বিবেচনা করতে হবে। তা না হলে ব্রিটিশ অর্থনীতি ‘পরিষ্কারভাবে ধ্বংস হবে’।

বর্তমান ব্রিটিশ অর্থনীতির তথ্য-উপাত্তের ভিত্তিতে গতকাল সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ব্রিটেনের অর্থনীতি চলতি অক্টোবরে আরও খারাপ হয়েছে। বেসরকারি খাতের উৎপাদন গত ২১ মাসের মধ্যে বর্তমানে সর্বনিম্ন।

এ বিষয়ে এস অ্যান্ড পি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের প্রধান ব্যবসাসংক্রান্ত অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন বলেন, অক্টোবর মাসের পারচেজিং ম্যানেজার’স ইনডেক্সের (পিএমআই) উপাত্ত দেখিয়েছে যে- রাজনীতি ও অর্থনীতির বাড়তি অনিশ্চয়তা ব্যাবসায়িক কার্যক্রমকে এমন জায়গায় নিয়ে এসেছে, যা করোনাভাইরাস মহামারির সময় বাদ দিলে, ২০০৯ সালের পর আর দেখা যায়নি। আগামী দিনে যেসব উপাত্ত প্রকাশিত হবে তাতে দেখা যাবে যে ব্রিটেন এরই মধ্যে মন্দায় প্রবেশ করেছে।

এএফপি, গার্ডিয়ান, আনন্দবাজার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension