
আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরীর পক্ষে প্রচারণা
আটলানটিক সিটি প্রতিনিধি: আটলান্টিক সিটিতে আগামী ৮ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচন। নির্বাচনের ফলাফল নিজের অনুকূলে আনতে নির্বাচনী চালাচ্ছেন আটলান্টিক সিটি স্কুল বোর্ডের বর্তমান সদস্য ও রূপসী বাংলা প্রতিনিধি অভিবাসী বাংলাদেশী প্রার্থী সুব্রত চৌধুরী ।
আটলান্টিক সিটি স্কুল বোর্ডে এবারের নির্বাচনে মোট ৬ জন প্রার্থী নির্বাচনে প্রার্থী হয়েছেন। একমাত্র এশিয়ান আমেরিকান প্রার্থী হিসাবে সুব্রত চৌধুরীর নির্বাচনী প্রচারণায় প্রবাসী বাংলাদেশিরাসহ অন্যান্য কমিউনিটির লোকজনও অংশ নিচ্ছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে সুব্রত চৌধুরী ভোটারদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তাকে ভোটদানের আহ্বান সম্বলিত প্রচারপত্র, বাংলাদেশি গ্রোসারিসহ বিভিন্ন কমিউনিটির দোকানগুলোতে শোভা পাচ্ছে তার নির্বাচনী পোস্টার, বিভিন্ন কমিউনিটির বাড়ির আঙিনাসহ সড়কের দুই পাশে শোভা পাচ্ছে তার ইয়ার্ড সাইন।
সুব্রত চৌধুরী প্রায় নিয়মিত বিভিন্ন কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক , ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের সাথে মতবিনিময় করছেন, তাঁদের কাছে ভোট প্রার্থনা করছেন। আটলান্টিক সিটির বিভিন্ন মসজিদ-মন্দির-গির্জাতেও তিনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন পত্রপত্রিকা, মূলধারার এফএম রেডিওতে সাক্ষাত্কার প্রচার ও সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে তার নির্বাচনী প্রচার চলছে।
সুব্রত চৌধুরী সাংবদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন, অনুবাদক হিসাবেও তার খ্যাতি আছে। ইতোমধ্যে ছড়াগ্রন্থ ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তার রূপকথার বই প্রকাশিত হয়েছে। আবৃত্তি শিল্পী হিসাবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার পরিচিতি রয়েছে। আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল),ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্য এডভান্সমেণ্ট অব কালারড পিপল (এনএএসিপি), সাউথ জার্সি পয়েটস কালেকটিভ, হিসপ্যানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। সুব্রত চৌধুরী ইউনাইটেড স্টেট প্রেস এজেন্সি (ইউএসপিএ)র একজন সদস্য ও আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সহ সভাপতি। তিনি রূপসী বাংলার পাশাপাশি প্রথম আলো উত্তর আমেরিকা, বাংলাদেশ প্রতিদিন, সাপ্তাহিক ঠিকানা, চ্যানেল আই টেলিভিশন, বাংলা চ্যানেল টেলিভিশন, টাইম টেলিভিশনসহ বিভিন্ন অনলাইন পএিকায় নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।
সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সদস্য ও আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদের সদস্য পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।
আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাসরত বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী দশ বছর আগে অভিবাসীর মর্যাদা নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। ইতোমধ্যে প্রচার-প্রচারণায় অন্যান্য প্রার্থীদের তুলনায় তিনি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন। সুব্রত চৌধুরীর জানান, ‘কমিউনিটির সবার কাছ থেকে যেরকম সহযোগীতা পাচ্ছি, তাতে আমার বিজয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী।’



