
এয়ারশোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন দুই বিমানে সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের ডালাসে একটি এয়ার শোতে মধ্য আকাশে সংঘর্ষের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন দুটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর এপি ও ডেইলি মেইল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডালাসের ওই এয়ারশোতে একটি বেল পি-৬৩ কিংকোবরা উড়ার সময় দ্রুতগতির একটি বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্টেস এসে তার ওপর আছড়ে পড়ে এবং দুটি বিমানই বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়। ওই এয়ার শোতে উপস্থিত হওয়া অনেকেই শো ভিডিও করছিলেন। ফলে এ দুর্ঘটনার ভিডিও অনেকের কাছেই ক্যামেরাবন্দি হয়।
মন্টোয়া নামের ২৭ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী তার চোখের সামনে যা ঘটেছিল তা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বলেন, আমি সেখানে দাঁড়িয়েছিলাম। চোখের সামনে দুটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমি সম্পূর্ণ হতবাক হয়ে পড়ি। আশেপাশের অন্য সবাইও ভীত হয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে।
ডালাসের মেয়র এরিক জনসন বলেছেন, ঘটনাটি হৃদয়বিদারক। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন।
অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, বোয়িং ই১৭ ফ্লাইং ফোর্টেস বোমারু বিমানটি একটি বেল চ-৬৩ কিংকোবরার ফ্লাইটের পথের কাছে আসছে। বোমারু বিমানটি চ-৬৩ এর কাছে চলে আসে এবং এক পর্যায়ে তাকে আঘাত করে। তখন ই১৭ এর সামনের অংশটি পিছনের দিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর ডানাগুলোতে আগুন ধরে যায় এবং এটি কাছাকাছি মাটিতে গিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, দুর্ঘটনার পর টেক্সাসের হাইওয়েতে বিমান দুটির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে আগুন ধরে যায়। ফলে মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়।
কর্মকর্তারা প্রাথমিকভাবে হতাহতের বিষয়টি নিশ্চিত করেননি, তবে রিপোর্ট অনুযায়ী দুটি বিমানে অন্তত ছয়জন ক্রু ছিলেন এবং তাদের সবাই নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।




