
অর্থনীতি ও বাণিজ্যপ্রধান খবর
জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে দুই মাসে সর্বনিম্নে
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে দুই মাসের সর্বনিম্নে নেমেছে। আজ কার্যদিবসের শুরুতে পণ্যটির বাজারদর ব্যারেলপ্রতি প্রায় এক ডলার কমে যায়।সংশ্লিষ্টরা বলছেন, বাজারজুুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকট শিথিল হওয়ার আভাস মিলেছে। তার ওপর চীন পণ্যটির চাহিদা আরো কমার আশঙ্কা এবং ডলারের মূল্যবৃদ্ধি জ্বালানি তেলের বাজারে নিম্নমুখী চাপ তৈরি করেছে। খবর রয়টার্স।
আজ আইসিই ফিউচারসে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৭৪ সেন্ট বা দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৬ ডলার ৮৮ সেন্টে।
অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে ডিসেম্বর সরবরাহ চুক্তিতে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬৮ সেন্ট বা দশমিক ৯ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৯ ডলার ৫২ সেন্টে।



