
হাতেনাতে ধরা পড়ে ঘুষের অর্থ গিলে খাওয়ার চেষ্টা পুলিশের
মহিষ চোরকে ধরার জন্য ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন কর্মকর্তাদের কাছে হাতেনাতে ধরা পড়েছেন ভারতের এক পুলিশ কর্মকর্তা। ধরা পড়ার সময় ঘুষের টাকা গিলে খাওয়ার চেষ্টা করেন তিনি। তবে খেতে পারেননি।
মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরে। পুলিশ কর্মকর্তার নাম মাহেন্দ্র উলা। তিনি পুলিশের উপপরিদর্শক। এরই মধ্যে টাকা গিলে খাওয়ার চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ধরা পড়ার সময় ঘুসের টাকা মুখের ভেতরে ঢুকিয়ে ফেলেন মাহেন্দ্র। পরে তার মুখ থেকে তা বের করতে ধস্তাধস্তি করেন দুর্নীতি দমন কর্মকর্তারা। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে তা বের করারও চেষ্টা করেন তারা। তবে ঘুসের অর্থ কিছুতেই বের করতে চাইছিলেন না মাহেন্দ্র। শেষে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
দুর্নীতি দমন কর্মকর্তারা বলছেন, কিছুদিন আগে শুভনাথ নামের এক ব্যক্তির মহিষ চুরি হয়েছিল। চোর ধরতে শুভনাথের কাছ থেকে ১০ হাজার রুপি ঘুস চান মাহেন্দ্র। প্রথম ধাপে ছয় হাজার রুপি নিয়েছিলেন তিনি। বাকি অর্থ দেওয়ার আগে বিষয়টি দুর্নীতি দমন কর্মকর্তাদের জানান শুভনাথ। এরপর ফাঁদ পেতে তাকে ধরা হয়।



