
যৌন হয়রানির অভিযোগ, পদত্যাগ করলেন হরিয়ানার মন্ত্রী
যৌন হয়রানির মামলায় পদত্যাগ করেছেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী সন্দ্বীপ সিং। তার বিরুদ্ধে রোববার যৌন হয়রানি ও ভীতি প্রদর্শনের ফৌজদারি অভিযোগে মামলা নিবন্ধিত করেছে চন্ডিগড় পুলিশ। একজন জুনিয়র অ্যাথলেটিক কোচ তার বিরুদ্ধে শুক্রবার এ অভিযোগ করেছেন। জবাবে পদত্যাগ করলেও মন্ত্রী সন্দ্বীপ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন তার ভাবমূর্তিকে নস্যাৎ করার উদ্দেশ্যে এ অভিযোগ আনা হয়েছে। তিনি আরও বলেছেন, আমি আশা করি আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত হবে। তদন্ত রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত আমি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব হস্তান্তর করেছি মুখ্যমন্ত্রীর কাছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এর আগে ওই নারী কোচ রাজ্যে বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের (আইএনএলডি) অফিসে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দাবি তুলেছেন, অবিলম্বে মন্ত্রী সন্দ্বীপ সিংকে বরখাস্ত করতে হবে মনোহর লাল খাত্তারের সরকারকে। অভিযোগ তদন্তের জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করতে হবে।
ওই নারী অভিযোগ করেছেন, গত বছর ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত হয়রান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বার বার ম্যাসেজ পাঠিয়েছেন। শুধু তা-ই নয়, তিনি তাকে অসংলগ্নভাবে স্পর্শ করেছেন। ম্যাসেজ পাঠিয়ে তাকে হুমকি দিয়েছেন। ফলে ওই নারী অব্যাহত হয়রানির মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরে গিয়েছেন। একই সঙ্গে পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি করেছেন হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা ভুপিন্দর সিং হুদা।
অভিযোগকারী বলেছেন, তাকে প্রথমে একটি জিমে দেখেন সন্দীপ সিং। তারপর ইন্সটাগ্রামে তার সঙ্গে যোগাযোগ করেন। এক পর্যায়ে সন্দ্বীপ তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। তিনি বলেন, ইন্সটাগ্রামে আমাকে ম্যাসেজ পাঠাতে থাকেন সন্দ্বীপ। বলেন, আমার জাতীয় গেমসের সার্টিফিকেট মুলতবি অবস্থায় আছে। এ জন্য তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। দুর্ভাগ্যজনকভাবে আমার সার্টিফিকেট আমার ফেডারেশন ভুল স্থানে পাঠিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েছি। ওই নারী আরও বলেন, শেষ পর্যন্ত সন্দ্বীপ সিংয়ের অফিস-কাম বাসায় সাক্ষাৎ করতে রাজি হন তিনি। সেখানে পৌঁছালে সন্দ্বীপ সিং তার সঙ্গে যৌন অসদাচরণ করেন।
সন্দ্বীপ সিং হলেন হরিয়ানার কুরুক্ষেত্রের পেহোওয়ার বিজেপি দলীয় বর্তমান এমএলএ। তিনি পেশাদার হকি খেলোয়াড়ও। ছিলেন ভারতীয় জাতীয় হকি দলের অধিনায়ক। তার জীবনীভিত্তিক একটি বায়োপিক প্রকাশ হয় ২০১৮ সালে। এর শিরোনাম ‘সুরমা’। তাতে অভিনয় করেন পাঞ্জাবের জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এ ছাড়া এমটিভি রোডিস রিয়েলিটি টিভি শোতে বিচারকের দায়িত্ব পালন করেছেন সন্দ্বীপ সিং। তার বয়স যখন ২০ বছর তখন তাকে গুলি করা হয়েছিল। তাতে আহত হন তিনি। তবে অলৌকিকভাবে বেঁচে ওঠেন। এরপরই বিখ্যাত হয়ে ওঠেন সন্দ্বীপ সিং।



