
যুক্তরাষ্ট্রে সাত দিনে চার অজ্ঞাত বস্তু ভূপাতিত
আকাশে উড়তে থাকা আরও একটি রহস্যজনক বস্তু ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত রোববার যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্তবর্তী লেক হিউরন এলাকায় এটি ভূপাতিত করা হয়। এ নিয়ে গত সাত দিনে ৪টি উড়ন্ত বস্তু ভূপাতিত করল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান।
রোববার উড়তে থাকা বস্তুর বিষয়ে মিশিগান অঙ্গরাজ্যের প্রতিনিধি এলিসা স্লটকিন বলেন, বিমান বাহিনী ও ন্যাশনাল গার্ডের পাইলটরা বস্তুটিকে ভূপাতিত করেছে। তবে বস্তুটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
যুক্তরাষ্ট্রের আকাশসীমানার দায়িত্বে থাকা জেনারেল গ্লেন ভ্যানহার্ক বলেন, আগের তিনটি বস্তু কী, কতটুকু উঁচুতে ছিল বা কোথা থেকে আসছে, তা সামরিক বাহিনী শনাক্ত করতে পারেনি। তবে চীনের বেলুন পাওয়ার পর থেকে আমাদের রাডার আরও ভালোভাবে পর্যবেক্ষণের কাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, সামরিক বাহিনী কোনো প্রমাণ দেখেনি যে, শনাক্ত বস্তুগুলো এলিয়েন। ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ চলছে।
প্রসঙ্গত, ফেব্রুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের নজরদারি বেলুনের খোঁজ মেলে। তার পরই যুক্তরাষ্ট্র দাবি করে এটি চীনের বড় কর্মযজ্ঞের একটি অংশ। তবে যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করে চীন। বেইজিং জানিয়েছে, প্রথম বেলুনটি তাদের এবং সেটি আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হয়েছিল। ওই বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করে। চীনের গোয়েন্দা বেলুন শনাক্ত এবং তা ধ্বংস করা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই কানাডার আকাশে রহস্যজনক বস্তুর দেখা পাওয়া যায়। পরে যুদ্ধবিমান দিয়ে সেটি ধ্বংস করা হয়। যদিও রহস্যজনক বস্তুটি কী ছিল, তা নিশ্চিত করে জানাতে পারেননি দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।



