
একুশ আমার বর্ণমালা
মায়ের মিষ্টি ভাষা,
একুশ আমার সজল চোখে
স্বপ্ন ভরা আশা।
একুশ মানে ভাই হারানোর
এক সমুদ্র ব্যথা,
একুশ আমার চাঁদনী রাতে
গল্প বলার কথা।
একুশ মানে রক্তগোলাপ
থোকা থোকা ফোটা,
একুশ মানে রফিক,শফিক
মিনার হয়ে উঠা।
একুশ মানে রক্তঢেলা
ঐতিহাসিক দিন,
একুশ মানে শহীদ ভাইয়ের
আত্মদানের ঋণ।
একুশ আমার মাতৃভাষা
অমূল্য এক দান,
একুশ মানে নগ্ন পায়ে
প্রভাতফেরীর গান।
একুশ মানে সুখ-দুঃখ
ফিরে বারংবার,
একুশ মানে সকল দেশে
আমার অহংকার।




