ব্যাংককে বায়ুদূষণ, এক সপ্তাহে হাসপাতালে ২ লাখ মানুষ
বায়ুদূষণে নাকাল অবস্থা পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের। দেশটির রাজধানী ব্যাংককে গত সপ্তাহে দূষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রায় দুই লাখ মানুষকে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সেখানে আনুমানিক এক কোটি ১০ লাখ লোকের বাস। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই শহরটিই কয়েকদিন ধরে অস্বস্তিকর হলুদ-ধূসর মিশ্রিত যানবাহনের ধোঁয়া, শিল্প নির্গমন এবং কৃষি বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় ঢেকে আছে। বায়ুদূষণের কারণে এ বছরের শুরু থেকে এ পর্যন্ত শহরটির ১৩ লাখেরও বেশি মানুষ অসুস্থ হয়েছে।
ক্রিয়াংক্রাই নামথাইসং নামে দেশটির এক চিকিৎসক বুধবার শিশু ও গর্ভবতী নারীদের ঘরে অবস্থান নিতে বলেছেন। কেউ বাইরে বের হলে তাকে উচ্চ সুরক্ষার এন-৯৫ মাস্ক পরারও আহ্বান জানিয়েছেন তিনি।
দূষণের প্রেক্ষিতে জানুয়ারির শেষের দিকে ও ফেব্রুয়ারির শুরুতে ঘরে থেকে জনগণকে কাজ করার আহ্বান জানিয়েছিল শহর কর্তৃপক্ষ।
ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিট্টিপুন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হলে সেরকম আরও একটি আদেশ জারি করতে প্রস্তুত আছে শহর কর্তৃপক্ষ। নার্সারিগুলো শিশুদের সুরক্ষার জন্য এয়ার পিউরিফায়ারসহ বিশেষ ‘ধূলাবিহীন কক্ষ’ স্থাপন করেছে। সেই সঙ্গে গাড়ির নির্গমন পর্যবেক্ষণের জন্য চেকপয়েন্ট বসানো হয়েছে।
জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাংককের আশেপাশে ৫০টি জেলায় বুধবার সবচেয়ে বিপজ্জনক পিএম২.৫ কণার অনিরাপদ মাত্রা রেকর্ড করা হয়েছে। এসব কণা এতই ক্ষুদ্র যে রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে।
বায়ুদূষণের আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আইকিউএয়ার-এর সর্বশেষ রিপোর্টে ব্যাংকক বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে আছে।



