
জার্মানিকে নিয়ন্ত্রণ করছে রাশিয়া: ট্রাম্প
রূপসী বাংলা ডেস্ক:জার্মানিকে গ্যাস সরবরাহ করে তাদের নিয়ন্ত্রণে রাখছে রাশিয়া। বুধবার এক বিবৃতির মাধ্যমে এমনটি বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, “বার্লিন গ্যাসের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে মস্কোকে অথচ ন্যাটোর বকেয়া টাকা তারা পরিশোধ করছে না। যা খুবই দুঃখজনক। রাশিয়ার কাছ থেকে জার্মানিরা অনেক বেশি খনিজ সম্পদ নিচ্ছে। আর খনিজ সম্পদ সরবরাহের নাম করে রাশিয়া জার্মানিকে নিজের বন্দী বানিয়ে নিয়েছে।”
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হোয়াইট হাউজের ‘স্টুপিড’ কর্মকর্তাদের এড়িয়ে যেতে বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব স্টুপিড কর্মকর্তারা দুই নেতার ফোনালাপ হতে না দেয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত স্পুটনিক সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
নিউ ইয়র্ক টাইমস সোমবার জানিয়েছে, গেলো মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপের সময় এমন মন্তব্য করেছেন ট্রাম্প। ওই ব্যাপারে সরাসরি অবগত এক ব্যক্তির বরাত দিয়ে মার্কিন এই গণমাধ্যমটি জানাচ্ছে, উভয় নেতার মধ্যে কথোপকথনের সময় তাদের ফোনালাপের সঙ্গে জড়িত হোয়াইট হাউস কর্মকর্তাদের ‘স্টুপিড’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
খবরে বলা হয়, নির্বাচনে বিজয়ী হওয়ার পর পুতিনকে অভিনন্দন জানানো থেকে বিরত রাখতে চেয়েছিলেন হোয়াইট হাউস কর্মকর্তারা। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, ওই ফোনালাপে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উন্নত করা প্রয়োজন বলে পুতিনকে জানিয়েছেন ট্রাম্প।



