
৩০০০ বছর মাটির নিচে থাকার পরও চকচক করছে
ব্রোঞ্জের তরবারিটির বয়স তিন হাজার বছরেরও বেশি। মাটির নিচে এতটা ভালোভাবে সংরক্ষিত ছিল যে সম্প্রতি আবিষ্কারের পর সংশ্লিষ্টরা বললেন, এটি ‘এখনো চকচক করছে’। দক্ষিণ জার্মানিতে এই যুদ্ধাস্ত্র মিলেছে। খবর এপি।
তলোয়ারটি খ্রিস্টপূর্ব ১৪ শতকের শেষ দিকের বলে ধারণা করছে বাভারিয়ান স্টেট অফিস ফর প্রিজারভেশন অব হিস্টরিকাল মনুমেন্টস (বিএলএফডি)। ওই সময়টা ছিল ব্রোঞ্জ যুগের মাঝামাঝি।
গত সপ্তাহে নুরেমবার্গ ও স্টুটগার্ট শহরের মধ্যবর্তী নর্ডলিংজেন এলাকায় খননকালে এই পুরাকীর্তির সন্ধান পাওয়া গেছে।
এ তরবারির হাতলে অষ্টভুজাকৃতির ঘের রয়েছে। এটি পাওয়া গেছে একটি কবরে, যেখানে এক পুরুষ, এক নারী ও এক বালককে সমাহিত করা হয়েছে। এই তিনজন একে অপরের সঙ্গে সম্পর্কিত কি না তা স্পষ্ট নয়।
বিএলএফডির প্রধান প্রফেসর ম্যাথিয়াস ফিল বলেছেন, তরবারি ও কবরটি পরীক্ষা করে সুনির্দিষ্টভাবে শ্রেণীবদ্ধ করতে পারবেন প্রত্মতাত্ত্বিকরা। এর আগেই আমরা বলতে পারি, এটি চমৎকারভাবে সংরক্ষিত হয়েছে। এই ধরনের আবিষ্কার খুব বিরল।



