
আগস্টের শেষে ফুকুশিমার তেজস্ক্রিয় পানি সাগরে ফেলতে পারে জাপান
সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শোধিত তেজস্ক্রিয় পানি সাগরে ফেলতে যাচ্ছে জাপান। অগাস্টের শেষের দিকে সাগরে এই তেজস্ক্রিয় পানি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সোমবার জাপানের সংবাদপত্র ‘আসাহি শিম্বু’ নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইওলের সঙ্গে দেখা করবেন এবং পানির সুরক্ষা সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার পরেই সম্ভবত সাগরে শোধিত তেজস্ক্রিয় পানি ছাড়া হবে।
জাপানের পারমাণবিক নিয়ন্ত্রক গত মাসে প্ল্যান্ট অপারেটর টোকিও ইলেকট্রিক পাওয়ারকে শোধিত তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার অনুমোদন দিয়েছে। যা জাপান এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাও নিরাপদ বলে মনে করছে। তবে আশেপাশের দেশগুলো আশঙ্কা করছে এটি খাদ্যকে দূষিত করতে পারে। যেমন সামদ্রিক মাছ।
সংবাদপত্রটি বলেছে, সমুদ্রের একেবারে তলদেশ থেকে জাল টেনে মাছ ধরার মরসুম শুরু হবে সেপ্টেম্বরে। টোকিওর উত্তর-পূর্বে ফুকুশিমা থেকে শুরু হবে এটি এবং সরকার মাছ ধরার মরসুম শুরু হওয়ার আগেই শোধিত তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়তে পারে।
সূত্র: আল আরাবিয়া



