
দূষণ কমাতে প্যারিসে বাড়ছে এসইউভির পার্কিং ফি
ফ্রান্সের রাজধানীতে দূষণ কমানোর পদক্ষেপ হিসেবে স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালের (এসইউভি) ওপর উচ্চ পার্কিং ফি আরোপ করছে প্যারিস সিটি হল। চার্জের বিশদ ঘোষণা করা হয়নি। তবে গাড়ির আকার, ওজন ও মোটরের ধরন বিবেচনা করে ফি নির্ধারণ হচ্ছে। খবর দ্য গার্ডিয়ান।
আগামী বছরের প্রথম দিন থেকে এই বর্ধিত ফি কার্যকর হবে। তবে বৈদ্যুতিক যানবাহন ও পরিবারিক ব্যবহারের বড় গাড়ি এর বাইরে থাকবে।
প্যারিসের কাউন্সিলররা গত মাসে সর্বসম্মতভাবে এই ব্যবস্থা অনুমোদন করেন।
বর্ধিত চার্জের প্রস্তাব করেন ইইএলভি ইকোলজি পার্টির কাউন্সিলর ফ্রেডেরিক বাডিনা-সারপেট। তিনি বলেন, যানবাহনের ওজন ও আকার অনুসারে পার্কিংয়ের মূল্য নির্ধারণ একটি প্রগতিশীল সিদ্ধান্ত।
কর্মকর্তারা বলছেন, গত চার বছরে শহরে এসইউভি ৬০ শতাংশ বেড়েছে। যা প্যারিসে প্রতি সন্ধ্যায় পার্ক করা ১১ লাখ ব্যক্তিগত গাড়ির ১৫ শতাংশ। আশা করা হচ্ছে, ফি বাড়ানোর ফলে এই ধরনের বাহনের বৃদ্ধির হার কমবে। হালকা যানবাহনের মালিকানাকে উৎসাহিত করবে।



