খেলা

পুত্র অর্জুনকে মূল্যবান পরামর্শ মাস্টার ব্লাস্টারের

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : তেন্ডুলকর’ পদবির ভারটা বোধহয় হাড়ে হাড়ে টের পাচ্ছে সচিন পুত্র অর্জুন। বয়স সবেমাত্র ১৯। তাতে কী? এই বয়সেই তো বাবা শাসন করতে শুরু করেছিলেন বিশ্বের বাঘা-বাঘা বোলারদের। কিন্তু সচিন পুত্র অর্জুন কেরিয়ারে এখনও দাগ কাটতে পারেননি সেই অর্থে।

কিন্তু ছেলের কেরিয়ার নিয়ে একেবারেই দুশ্চিন্তা করতে নারাজ আনর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরানের মালিক। তাই টি-২০ মুম্বই লিগে অভিষেকের আগে পুত্র অর্জুনের জন্য মূল্যবান পরামর্শ দিলেন পিতা সচিন তেন্ডুলকর। এর আগে অনুর্ধ্ব ১৯ জাতীয় দলের হয়ে দু’টি টেস্টে অংশগ্রহণ করেছিলেন অর্জুন। তবে সেখানে আহামরি কিছু পারফরম্যান্স উপহার দিতে পারেননি অর্জুন। তাই জনপ্রিয় টি-২০ মুম্বই লিগ শুরুর আগে সচিন জানালেন, ‘পারফরম্যান্স নয়, ক্রিকেটের প্রতি অর্জুনের আগ্রহটাই সবচেয়ে বড় কথা।’

টি-২০ মুম্বই লিগে পাওয়া সুযোগ অর্জুনকে কাজে লাগানোর পরামর্শ দিয়ে লিটল মাস্টার জানান, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে সফল হতে পারেনি তো কি হয়েছে? আগামী দিনে দুরন্ত প্রত্যাবর্তন করার যাবতীয় রসদ রয়েছে অর্জুনের মধ্যে।’ এপ্রসঙ্গে তাঁর আরও সংযোজন, ‘খেলাধূলায় নিশ্চয়তার কোনও জায়গা নেই। তাই স্বল্প সুযোগ কাজে লাগিয়ে তোমায় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।’

উল্লেখ্য জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্টে ব্যাট হাতে ম্মাত্র ১৪ রানের পাশাপাশি বল হাতে মাত্র তিনটি উইকেট নিতে সফল হয়েছিলেন অর্জুন। তবে অর্জুনের এই পারফরম্যান্সে হতাশ না হয়ে বরং আশাবাদী সিনিয়র তেন্ডুলকর। মুম্বই টি-২০ লিগ শুরুর আগে তাই পুত্র অর্জুনকে সচিনের পরামর্শ, ‘একবার তোমার পারফরম্যান্স কথা বলতে শুরু করলে ক্রিকেট তোমায় শীর্ষে পৌঁছে দেবে। অনুরাগীরা তোমায় এবং তোমার পারফরম্যান্স অনুসরণ করা শুরু করবে।’

তাই পুত্র অর্জুন সম্পর্কে লিটল মাস্টারের সাফ কথা, ‘পারফরম্যান্স যাই হোক না কেন ক্রিকেটের প্রতি ওর আগ্রহ এবং ভালোবাসাটাই আমার কাছে সবচেয়ে দামি।’ পাশাপাশি মুম্বই টি-২০ লিগ নিয়ে সচিনের মত, ‘এই টুর্নামেন্ট কেবল আইপিএলে সুযোগ পাওয়ার সিঁড়িই নয়। বরং অনামী ক্রিকেটার যারা ক্রিকেটের প্রতি দায়বদ্ধ, তাদের জন্য দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension