
প্রথম ব্যাটসম্যান হিসেব ৫,০০০ রানের মাইলস্টোন রায়নার
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির হোক কিংবা প্রত্যেকটি সংস্করণে ব্যাট হাতে ৩০০-রও বেশি রানের ল্যান্ডমার্ক। আইপিএল সুরেশ রায়নাকে দিয়েছে অনেককিছুই। দ্বাদশ সংস্করণের প্রথম ম্যাচে মাঠে নামার আগে হাতছানি ছিল আরও একটি মাইলস্টোন ছোঁয়ার। শনিবাসরীয় চিপকে ব্যাট হাতে সেই মাইলস্টোন স্পর্শ করলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫,০০০ রানের ল্যান্ডমার্ক ছুঁলেন সুরেশ রায়না।
রায়নার সঙ্গে এই দৌড়ে এদিন প্রবলভাবে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স দলনেতা বিরাট কোহলিও। যদিও সেক্ষেত্রে ৫,০০০ রানের ল্যান্ডমার্ক স্পর্শ করতে বিরাটের দরকার ছিল ৫২ রান। কিন্তু টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফিরে যাওয়ায় সেই নজির এদিন স্পর্শ করা সম্ভব হয়ে ওঠেনি ব্যাঙ্গালোর অধিনায়কের।
উল্টোদিকে ল্যান্ডমার্ক ছুঁতে রায়নার প্রয়োজন ছিল মাত্র ১৫ রান। লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শেন ওয়াটসনের উইকেট খোয়ানোর পর ব্যাট হাতে ক্রিজে নামেন রায়না। মইন আলির ডেলিভারিতে ১৯ রানে ফিরে যাওয়া এই বাঁ-হাতি ব্যাটসম্যানের ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি বটে, কিন্তু সাজঘরে ফেরার আগে কাজের কাজটি করে আইপিএল নোটবুকে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫,০০০ রান স্পর্শ করার নজিরটি নিজের নামে করে যান রায়না।
৩৫ টি অর্ধশতরান সহযোগে ১৭৭টি ম্যাচে ৫,০০৪ রান সংগ্রাহক রায়না ফ্র্যাঞ্চাইজি লিগের অন্যতম সফল একজন ব্যাটসম্যান। তাই প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫,০০০ রানের নজির স্পর্শ করে মুকুটে নয়া পালক যোগ করলেন সীমিত ওভারের ক্রিকেটে একদা জাতীয় দলে মিডল অর্ডারের স্তম্ভ।
যদিও শনিবার দ্বাদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের জয়ের ভিত গড়ে দেয় বোলাররাই। টসে জিতে এদিন কোহলিদের প্রথমে ব্যাট করতে পাঠান চেন্নাই দলনায়ক মহেন্দ্র সিং ধোনি। চিপকের টার্নিং পিচে হরভজন সিং, রবীন্দ্র জাদেজা এবং ইমরান তাহির এই স্পিন ত্রয়ীর জুটিতে উদ্বোধনী ম্যাচে মাত্র ৭০ রানেই গুটিয়ে যায় কোহলি অ্যান্ড কোম্পানি। যা আইপিএল ইতিহাসে ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। জবাবে ১৪ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ধোনিব্রিগেড।



