
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ওপর জোর দিলেন শি জিনপিং
চীনের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন দরকার বলে জোর মত দিলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। শি জিনপিং কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) চেয়ারম্যান।
বুধবার (৫ আগস্ট) দেশটির দক্ষিণ-পশ্চিমের সিচুয়ান প্রদেশে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড অব দ্য পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর বিমান বাহিনীর দপ্তর পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।
১ আগস্ট চীনের সশস্ত্র বাহিনী দিবসকে সামনে রেখে ওই পরিদর্শনের আয়োজন করা হয়।
পরিদর্শনকালে শি জিনপিং সশস্ত্র বাহিনীর সব পর্যায়ের সদস্যদের উদ্দেশে বলেন, দল ও বাহিনী যেসব দায়িত্বের ভার দিয়েছে, সেগুলো আন্তরিকভাবে পালন করতে হবে। যুদ্ধকালীন সক্ষমতা বাড়াতে নতুন নতুন সরঞ্জাম বাহিনীতে যোগ করতে হবে বলেও তিনি এ সময় মন্তব্য করেন।
চীনের প্রেসিডেন্ট আরও বলেন, সত্যিকার যুদ্ধাবস্থার আদলে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আদর্শগত, রাজনৈতিক ও সাংগঠনিকভাবে দলকেই সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়ে যেতে হবে। দলীয় আচরণবিধি ও শৃঙ্খলার পরিস্থিতি উন্নয়নে এবং সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নতির জন্য শিক্ষা বিষয়ক প্রচারণা চলমান রাখতে কঠোর পদক্ষেপ নিতেও তিনি নির্দেশ দিয়েছেন।



