
আইন করেই অবিলম্বে অযোধ্যায় রাম মন্দির চাইছে শিবসেনা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে ক্রমশ জোরাল হচ্ছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবি। এই বিষয়ে সংঘ প্রধান মোহন ভগবতের সুরেই সুর মেলালেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।
বৃহস্পতিবার নাগপুরে বিজয় দশমী উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভগবত বলেছিলেন, ”রাম জন্মভূমি নিয়ে আন্দোলনের অংশীদার হিসেবে আমরা চাই রাম জন্মভূমিতে দ্রুত মন্দির তৈরি হোক। দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হোক। আইন তৈরি করে হোক মন্দির।”

সংঘ প্রধান মোহন ভগবত জানিয়েছিলেন যে জাতীয় স্বার্থের কথা না ভেবে সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে, আর স্বার্থপরের মত কাজ করা হচ্ছে। তাঁর মতে, রাম মন্দির তৈরি করে আদতে দেশের ঐক্যের বার্তা দেওয়া হবে।
আইন প্রণয়ন করেই রাম মন্দির তৈরির পক্ষে আওয়াজ তুললেন শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত। তাঁর কথায়, “যদি এখন রাম মন্দির নির্মাণের জন্য আইন না তৈরি হয় তাহলে পরে আর হবে না।”

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক ক্ষমতার উপরে নির্ভরশীল বলে দাবি করেছেন সাংসদ সঞ্জয়। এই সমস্যা আদালত কখনই মেটাতে পারবে না বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, “আদালত অযোধ্যার সমস্যার সমাধান করতে পারবে না। এটা সম্পূর্ণ বিশ্বাসের বিষয়। এটা রাজনৈতিক ক্ষমতার বিষয় এবং মোদীই এটা করতে পারবে।”
রাম মন্দির নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে আস্থা থাকলেও আশংকাও রয়েছে শিব সেনা সাংসদ সঞ্জয় রাউতের। তাঁর কথায়, “এই মুহূর্তে আমাদের হাতে ক্ষমতা রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে ক্কী অবস্থা হবে তা আমরা জানি না।”



