
ইউক্রেন-রাশিয়ার শীর্ষ পর্যায়ের বৈঠক চায় তুরস্ক
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনে দেশ দুটির শীর্ষ নেতাদের বৈঠক আয়োজন করতে চায় তুরস্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাজি হতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। খবর এপি।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ সংক্রান্ত সংকট নিরসনে বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। এই প্রচেষ্টার অংশ হিসেবে এরই মধ্যে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক আয়োজন করেছে দেশটি। গত মাসের শেষ দিকে ইস্তানবুলে শেষবারের মতো বৈঠকে বসেছিলেন দুই দেশের আলোচকরা।
বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট এরদোগান বলেন, রাশিয়া-ইউক্রেন আলোচনার চূড়ান্ত দ্বারপ্রান্তে শীর্ষ নেতাদের বৈঠক আয়োজনে আমরা প্রস্তুত। ‘ইস্তাম্বুল বৈঠকের ইতিবাচক অগ্রগতিকে’ শান্তির দিকে এগিয়ে ওপর জোর দেন তিনি।
এর আগে রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধাপরাধের অভিযোগ আনলে দুই দেশের আলোচনা স্থগিত হয়ে যায়। পুতিন পরবর্তীতে বলেন, দুই দেশের শান্তি প্রচেষ্টা অর্থহীন।
কিয়েভ ও মস্কো উভয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে আঙ্কারা। নিরপেক্ষ অবস্থানে থেকে দুই দেশের সংকট নিরসনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এরদোগান প্রশাসন।



