বাংলাদেশমুক্তিযুদ্ধ

একটি আদর্শ প্রতিষ্ঠায় আমরা মানুষেরা

মুবিন খান

গেল মার্চে কলাতিয়ায় মুক্তিযোদ্ধাদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে যাওয়া হয়েছিল। সেখানে পুনর্মিলনী অনুষ্ঠানটির আয়োজক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ভুঁইয়া বলছিলেন, ‘যে চেতনায় উজ্জীবিত হয়ে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, স্বাধীনতার পর সেটা ‘রাজাদের প্রজাতন্ত্রে’ হারিয়ে গেল যেন।’

এই উপলব্ধিটি বাংলাদেশের কজন মানুষের আছে- সেই কৌতূহলটা নিবৃত্ত করতে যদি একটি জরিপ চালানো হয়, তাহলে দেখা যাবে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো একটি বড় সংখ্যার মানুষ মুক্তিযুদ্ধের চেতনাটি সম্পর্কে অবগতই নন। অথচ কথা ছিল বাংলাদেশটা ওই চেতনার ওপর ভিত্তি করেই দাঁড়াবে। দাঁড়াবার এই ভিত্তিটি হওয়ার কথা ছিল- গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। এই আদর্শ চারটিই মুক্তিযুদ্ধের চেতনা।

কিন্তু দেশের নাগরিকেরা যদি বিষয়টা না-ই জানে তবে দাঁড়াবার মতো জোর হাঁটুতে পাবে কি করে। ফলে গণতন্ত্রের ধারণা পাল্টে গিয়ে ইচ্ছে-খুশি মতো চলতে পারা হয়ে গেছে। সমাজতন্ত্রর কথা বললে লোকেরা মুখ টিপে হাসে।  কোনও আদর্শ বোঝে না। ধর্মনিরপেক্ষতা রূপ নিয়েছে ধর্মহীনতায়। সাংবিধানিকভাবে না হলেও বাংলাদেশ এখন তার নাগরিকদের কাছে ইসলামি রাষ্ট্র। আর জাতীয়তাবাদের কথা তো বলাই যাবে না। বললেই শুরু হবে তুমুল বিতর্ক- কেউ হাজার বছরের বাঙালি, কেউ পঞ্চাশ বছরের বাংলাদেশী। দুইয়েই দলে বেশ ভারী। নিজের জাতিগত পরিচয় নিয়ে এতটা বিভ্রান্তি পৃথিবীর আর কোনও জাতির রয়েছে কিনা আমাদের জানা নেই।

আবুজর গিফারী কলেজ শহীদ মিনারে ঈদুল ফিতরে উপহার দেওয়ার আয়োজন।

তো বাস্তবতা যখন এইরকমের, তখনই কতগুলো ছেলেমেয়ে মুক্তিযুদ্ধর চেতনায় উজ্জীবিত হয়ে উঠে হঠাৎ একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলল তারা মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করবে। ব্যাপারটা মোটেই ছেলেখেলা নয়। কঠিন একটা কাজ। কিন্তু ছেলেমেয়েগুলো তাদের কাজ করবার সিদ্ধান্তে অটল রইল। কাঙ্ক্ষিত কাজটির কঠিনতম দিকটি উপলব্ধি করল কাজটি করতে গেলে তাদেরকে সংগঠিত হতে হবে। তখন তারা ঠিক করল তারা সংগঠিত হবে। এবং সকলে মিলে একটা সত্যি সত্যি একটা সংগঠন করে ফেলল।

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটির চলমান চিত্রটি বিদ্যমান, সে চিত্রটির ফলে সঙ্গত কারণেই ছেলেমেয়েগুলোকে রাজনীতি টানতে পারল না। কিন্তু তারা দেখল যে কাজটি তারা করতে চায় তার সঙ্গে দেশের মূলধারার রাজনীতি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। কিন্তু তারা পিছু হটল না। অসম সাহসিকতার সঙ্গে এবার তারা ঠিক করল, রাজনৈতিক এই কাজটি তারা অরাজনৈতিক অবস্থানে থেকেই করবে। কী অদ্ভুত না!

অবস্থান দৃঢ় করবার প্রক্রিয়াটি সংগঠনের নাম দিয়েই শুরু করল। তারা সংগঠনের নাম রাখল ‘আমরা মানুষ।’ নাম দিয়েই তারা সকলকে নিজেদের উদ্দেশ্য জানিয়ে দিল- তারা মানুষদের জন্যে কাজ করতে চায়। আর যেহেতু এটি একটি সংগঠন, ফলে ‘আমরা মানুষ’ শব্দটির পরে তারা ‘ফাউন্ডেশন’ শব্দটি যুক্ত করে দিল। প্রতিষ্ঠিত হলো ‘আমরা মানুষ ফাউন্ডেশন।’

লোকেরা বলতেই পারে, সংগঠন বানিয়ে ফেলা আর কাজ করবার মাঝে বিস্তর ফারাক রয়েছে। দেখা গেল ছেলেমেয়েগুলো এসব বলাবলি করা লোকেদের সম্পর্কে ভালো জ্ঞান রাখে। এদের সমুচিত জবাব তাৎক্ষণিক দিতেই তারা মানুষ ফাউন্ডেশনের স্লোগানে লিখল, ‘দায়িত্ব আমার, আনন্দ সবার।’

ছোট ছোট কতগুলো ছেলেমেয়ে তাদের কোমল আর নরম কাঁধে কি অবলীলায় গুরু একটা দায়িত্ব তুলে নিল! আর শুধু যে নিল, তাই নয়, সকলকে ঘোষণা দিয়ে জানিয়েও দিল, তারা কারও মুখাপেক্ষী নয়! ভাবুন তো!

এটা তিন বছর আগেকার কথা। হ্যাঁ, আমরা মানুষ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর এখন তিনটি বছর পেরিয়ে গেছে। এই তিনটি বছরে আমরা মানুষ ফাউন্ডেশন কেবল মুক্তিযুদ্ধর চেতনা প্রতিষ্ঠায় কাজ করে গেছে তা নয়। সুবিধাবঞ্চিত মানুষদের জন্যেও কাজ করে চলেছে। আরও নির্দিষ্ট করে বললে, তাদের কাজের ক্ষেত্রটি আর্ত আর দুঃস্থ মানুষদেরকে ঘিরে। কি দারুণ একটা ব্যাপার না! এই ছেলেমেয়েগুলো বিএএফ শাহীন স্কুল ও কলেজের ছাত্রছাত্রী।


১৯৭১ সালে মুক্তিযুদ্ধটাও সংঘটিত হয়েছিল মানুষেরই জন্যে।  এ ভূমির মানুষ তার নিজভুমিতেই অধিকারহারা হয়ে পড়েছিল। তাদের সঙ্গে পক্ষপাতমূলক অন্যায় আচরণ করা হচ্ছিল। অবিচার, নির্যাতন, নিপীড়ন আর শোষণ করা হচ্ছিল। সামগ্রিকভাবে কোণঠাসা করে ফেলে বঞ্চিত করা হচ্ছিল সবদিক থেকে। সকল ক্ষেত্রে তাদের অবমূল্যায়ন করা হচ্ছিল। ফলে আমাদের মানুষেরা নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতে শুরু করেছিল।  এই বৈষম্যর অবসান ঘটাতে, পক্ষপাতমূলক অন্যায় আচরণ, অবিচার, নির্যাতন, নিপীড়ন, শোষণ থেকে মুক্তি পেতেই এ দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

কিন্তু যে আদর্শ থেকে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, বিজয় অর্জনের পর, স্বাধীন হবার পর, বাংলাদেশ হয়ে উঠবার পর সে আদর্শ বাস্তবায়নের পথ রুদ্ধ হয়ে গেল। মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে যে চারটি আদর্শকে আগলে মুক্তিযোদ্ধারা তাঁদের জীবনকে তুচ্ছ করেছিলেন, সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এখনও পর্যন্ত প্রতিষ্ঠিত তো হয়-ই নি, বরং এর থেকে এতটাই আমরা সরে এসেছি যে মানুষে মানুষে বৈষম্যর জায়গাটি খুব নিদারুণভাবে এখন প্রকট ও প্রশ্নবিদ্ধ।

গেল ৪ জুন এই আমরা মানুষ সংগঠন একটি আয়োজন করেছিল মালিবাগের আবুজর গিফারী কলেজের শহীদ মিনারে। সেখানে দেখা ও কথা হলো সংগঠনটির চেয়ারম্যান বিশিষ্ট অভিনয় শিল্পী এবং শাহীন স্কুল ও কলেজের সাংস্কৃতিক বিভাগের প্রধান শামীমা ইসলাম তুষ্টির সঙ্গে।  আবুজর গিফারী কলেজে করা সে আয়োজনটি ছিল ঈদুল ফিতরে উপহার দেওয়ার আয়োজন। তাঁরা দরিদ্র নারীপুরুষ ও শিশুদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পোশাক উপহার দিয়েছেন। সে আয়োজনে ছিল না কোনও আড়ম্বর। খুবই সাদামাটা। কোনও মঞ্চ, অতিথি কিংবা কিংবা বিশেষ অতিথি অথবা গালভরা পদবীর কোনও লোক ছিল না সেখানে। ছিলেন সংগঠনের  কেবল চারজন মানুষ। এই চারজনের সম্পর্কটিও চমৎকৃত হওয়ার মতো। শামীমা ইসলাম তুষ্টির ভাই আসিফ উল মাহিব ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।  পিতা মুক্তিযোদ্ধা মুহিব উল ইসলাম ইদু সংগঠনটির সাধারণ সম্পাদক। এবং চতুর্থ জন ইনজামামুল হক জামিল সাংগঠনিক সম্পাদক। আর ফাউন্ডেশনের কেউ না হয়েও তাঁদেরকে সহযোগিতা করতে স্বেচ্ছাসেবক হয়ে একলাই হাজির হয়েছিলেন ওই কলেজেরই সাবেক জিএস এমএ আহসান টিটু।

আপাত মনে হতে পারে একটি পরিবার দিয়েই চলছে ফাউন্ডেশনটি।  কিন্তু তা নয়। কেবল একটি পরিবারের সদস্যদের মাঝেই সীমাবদ্ধ নয় সংগঠনটি। এর প্রতিষ্ঠার শাখা প্রশাখার বিস্তৃতি ছড়িয়ে আছে আরও বহুদূর। অনেক গভীরে। কেননা এটি প্রতিষ্ঠায় মূল ভূমিকাটি পালন করেছে বিএএফ শাহীন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা।

শামীমা ইসলাম তুষ্টির কাছ থেকে জানা গেল, ওই ছাত্রছাত্রীরা ২০১৬ সালে ঈদ উপলক্ষে একটি নাটক করেছিল। সেসময় ছাত্রছাত্রীদের ভেতরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করবার আগ্রহ তৈরি হলো। কলেজের সাংস্কৃতিক বিভাগের প্রধান হিসেবে ছাত্রছাত্রীরা তুষ্টির কাছে গিয়ে সে আগ্রহের কথা জানাল। এরপর সমবেত চেষ্টায় শুরু হলো তাদের কাজ। ইতোমধ্যে এই ছাত্রছাত্রীরা নিজেদের ফান্ডে ৫১টি স্কুলে মুক্তিযুদ্ধের চেতনার প্রচার কাজ চালিয়েছেন। সদস্যদের অনুদান থেকে ফান্ডের টাকা জোগার হয়। এছাড়া ফাউন্ডেশনের উপদেষ্টারাও সহযোগিতা করছেন।

গেল তিন বছরে সংগঠনটি অনেকটা পথ পাড়ি দিয়েছে। ‘আমরা মানুষ ফাউন্ডেশন’ এখন প্রধানমন্ত্রীর সংগঠন এটুআইয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এবং যৌথভাবে ৬৪টি জেলায় প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করেছে। স্থানীয় মুক্তিযোদ্ধাদের একত্রিত করে স্কুলের পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে পরিচয় করিয়েছে। তাদের মুক্তিযুদ্ধের ফুটেজ দেখিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক বুদ্ধিবৃত্তিক প্রশ্নোত্তরের আয়োজন করেছে। যেটি এসব ছাত্রছাত্রীদের ভেতরে মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহ তৈরি করতে সফল ভূমিকা রেখেছে বলে শামীমা ইসলাম তুষ্টি মনে করছেন।

আমরা মানুষ ফাউন্ডেশনের সফলতা দেখে এখন অনেকেই সহযোগিতা করতে এগিয়ে আসছেন। এই এগিয়ে আসাদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠিত পোশাক ব্যবসায়ী, রয়েছেন শিল্পপতি, আছেন কর্পোরেটসহ অনেকেই। এর ফলে আমরা মানুষ ফাউন্ডেশনের কাজের পরিসরটিও এখন অনেক বেড়ে গেছে। যেমন গেল বছরে কিশোরগঞ্জে ভয়াবহ বন্যায় প্রায় দেড় হাজার পরিবারকে ঈদকে সামনে রেখে বিভিন্ন সামগ্রী দিয়ে তারা সহযোগিতা করেছে। সেই সঙ্গে বিভিন্ন উৎসব পার্বণ এবং দুর্যোগেও সদস্যরাসহ সংগঠনের সকলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার পাশাপাশি সাধ্যমত সহযোগিতা করতে চেষ্টা করে চলেছে।

পিতা ও কন্যা- পরস্পর গর্বিত পরস্পরে।

আর ৪ জুন দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দেওয়ার যে আয়োজন, এই আয়োজনটি ‘আমরা মানুষ ফাউন্ডেশন’ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে করে আসছে বলে জানালেন শামীমা ইসলাম তুষ্টি। ফাউন্ডেশনের সকলে মানুষকে সহযোগিতার পরিধি বাড়াতে নিরলস কাজ করে চলেছেন।

মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় রাষ্ট্র ব্যর্থ হলেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন, মুক্তিযোদ্ধা ও আদর্শ পিতা তাঁর  সন্তানকে ঠিকই আপন চেতনায় উজ্জীবিত করতে পেরেছেন। কেননা এই চেতনাআর আদর্শে বিশ্বাস স্থাপন করে নিজের ভেতর ধারণ করেই তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমরা দেখতে পাই, আজ, প্রায় অর্ধ শতাব্দী পরেও সেই বীর পিতা তাঁর বিশ্বাস থেকে সামান্যতমও সরে আসেন নি। এবং এই সরে না আসার কারণেই আপন পরবর্তী প্রজন্মদের পাথেয় হয়ে সেই আদর্শ, বিশ্বাস আর চেতনা প্রতিষ্ঠায় আবারও নেমেছেন প্রান্তরে।

আমরাও চাই মুক্তিযোদ্ধা এই পিতার দিকনির্দেশনায় নতুন এই প্রজন্ম দিশা খুঁজে পাক। এগিয়ে চলুক তাঁদের স্বপ্নের সংগঠন ‘আমরা মানুষ ফাউন্ডেশন’কে সঙ্গে নিয়ে। মানুষদের জন্যে তাদের নিরলস ওই প্রচেষ্টাটি অব্যাহত রেখে এগুতে থাকুক। হাসি ফোটাতে থাকুক সমাজের সুবিধা বঞ্চিত নারীপুরুষ আর শিশুদের জীর্ণ মুখটাতে।

আমাদের আন্তরিক শুভকামনা মানুষের তরে কাজ করতে থাকা এই ছেলেমেয়েগুলো আর তাঁদের পথ দেখানো একজন পিতার জন্যে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension