
চাকরি নেই চীনা তরুণদের
বেইজিংয়ের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ম্যান্ডি লিউ। ২১ বছর বয়সী এই ছাত্র বিশ্বাস করেন, মহামারি চলাকালীন যারাই চীনে বসবাস করেছেন তারা চোখের সামনে এই দেশের ভবিষ্যৎকে ক্রমেই অনিশ্চিত হতে দেখেছেন। বর্তমানে যদিও চীনে কভিড বিধিনিষেধ কমিয়ে আনা হয়েছে, কিন্তু পাশাপাশি কমেছে কর্মসংস্থানের সুযোগ। আগামী বছরই পর্যটন ব্যবস্থাপনায় স্নাতক পাস করবেন লিউ। চাকরির জন্য এ পর্যন্ত ৮০টিরও বেশি প্রতিষ্ঠানে আবেদন জমা দিয়েছেন। একটি থেকেও ডাক আসেনি।
অনেক তরুণ-তরুণী চীনা কমিউনিস্ট পার্টির প্রতিশ্রুতি অনুযায়ী তাদের অন্ধের মতো অনুসরণ করেছে। তবে কিছুদিন পরই তাদের মোহভঙ্গ হয়েছে। লিউ বলেন, আমরা যা দেখছি তা হলো মানুষ বেঁচে থাকার জন্য নিরন্তর সংগ্রাম করছে।
জনগণের এই অসন্তোষ সাম্প্রতিক সময়গুলোতে আরও তীব্র হয়েছে। ছাত্র, চাকরিপ্রার্থী এবং তরুণ পেশাদাররা চীনের বড় বড় শহরগুলোতে সরকারের কঠিন কভিড নিয়মের প্রতিবাদে রাস্তায় নেমেছিল। এই প্রতিবাদের মাধ্যমে প্রমাণিত হয়েছে, তরুণদের জন্য চাকরি এবং অর্থনৈতিক সুযোগের অভাব সামাজিক স্থিতিশীলতার জন্য প্রচণ্ডভাবে হুমকিস্বরূপ।
চীনে বেকারত্ব এখনো রেকর্ডের সর্বোচ্চ স্তরে। উপরন্তু আরও ১১ দশমিক ৬ মিলিয়ন কলেজ পড়ুয়া আগামী বছর স্নাতক পাস করে কর্মশক্তিতে যোগদানের প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভে অংশ না নিলেও লিউ বলেন, শিক্ষার্থীরা প্রতিবাদ করতে চায়, কারণ আমরা অনুভব করি, আমাদের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
কভিড বিধিনিষেধ ইতোমধ্যে সম্পত্তির বাজারে ধস থেকে শুরু করে একটি অর্থনীতির গতি কমিয়ে দিয়েছে। প্রযুক্তি এবং বেসরকারি শিক্ষার মতো দ্রুত বর্ধনশীল শিল্পের ওপর সরকারি বিধিনিষেধের খড়গ বেসরকারি খাতের সুযোগগুলোকে নষ্ট করে দিয়েছে। সরকারি চাকরির জন্য পাওয়ার তরুণদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে।
বার্লিনের মার্কেটর ইনস্টিটিউট ফর চায়না স্টাডিজের প্রধান অর্থনীতিবিদ ম্যাক্স জেংলেইন বলেছেন, আপনি যদি নিজেকে শিক্ষিত করেন তবে আপনি একটি ভালো বেতনের চাকরি পাবেন, তরুণদের এমন প্রতিশ্রুতিই দেওয়া হয়েছিল। এটি আর বাস্তবায়িত হচ্ছে না। প্রতিশ্রুতি ব্যর্থ হওয়ায় প্রথম প্রজন্ম হতাশ হতে চলেছে। এটি অনেক মানসিক চাপ তৈরি করে।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ২০১৭ সালে যখন কমিউনিস্ট পার্টির কংগ্রেসে ভাষণ দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, ‘একটি জাতি তখনই সমৃদ্ধ হবে যখন তার তরুণরা উন্নতি করবে।’ চলতি বছর শি’র তৃতীয় মেয়াদ শুরু হওয়ার আগে অক্টোবরে আবারও একই কথার পুনরাবৃত্তি করেছিলেন তিনি। এ সময় তিনি বলেন, চীনের যুবকরা প্রচণ্ড আশাবাদী এবং পরিশ্রমী। কিন্তু কিছুদিন না যেতেই শি চিনপিংয়ের এই কথামালা ফাঁপা প্রমাণিত হয়েছে। যুবকদের মাঝে হতাশা তৈরি হচ্ছিল। দেশটিতে এখন কঠোর কোভিড বিধিনিষেধ তরুণদের কাজ, ভ্রমণ এবং সামাজিকতার সুযোগ সীমিত করে দিয়েছে।
গত জুলাই মাসে ১৬ থেকে ২৪ বছর বয়সী লোকদের বেকারত্বের হার প্রায় ২০ শতাংশে পৌঁছেছে। ২০১৮ সালের পর এটিই এখন সর্বোচ্চ হার। যা জাতীয় গড় থেকে তিনগুণ। এ ছাড়া যেসব গ্র্যাজুয়েটরা চাকরি পেয়েছে, তাদের বেতন কম। চাইনিজ জব সাইট ঝাওপিনের একটি সমীক্ষা অনুসারে, ২০২২ সালে কলেজ পাস স্নাতকদের গড় মাসিক বেতন ২০২১ গ্রাজুয়েটদের তুলনায় ১২ শতাংশ কম।
এই সপ্তাহে মহামারি ব্যবস্থা সহজ করার জন্য চীনের ঘোষণার অংশ হিসেবে বেইজিং বলেছে, ক্যাম্পাসে কোনো প্রাদুর্ভাব না হলে স্কুলগুলোকে অবশ্যই ব্যক্তিগত ক্লাস এবং খোলা লাইব্রেরি, ক্যাফেটেরিয়া এবং অন্যান্য সুবিধাদি রাখতে হবে। কিন্তু এই অবস্থায় পরের গ্রীষ্মে স্নাতক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই শিক্ষার্থীরা যখন চাকরির বাজারে প্রবেশ করবে তখন তাদের জন্য কী অপেক্ষা করছে সেই প্রশ্নটি আরও জরুরি হয়ে উঠছে।



