
নেতৃত্বের পাঠ শেখা মহারাজের কাছেই: রোহিত
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : প্রথম শ্রেণীর ক্রিকেট অভিষেক হোক কিংবা টেস্ট অভিষেক। ওয়ান ডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের মাইলস্টোন হোক কিংবা আইপিএলে অধিনায়ক হিসেবে ট্রফি জয়। ইডেন গার্ডেন তাঁকে উজাড় করে দিয়েছে অনেককিছুই। তাইতো স্বর্গোদ্যানের বাইশ গজে নামার আগে রোহিত শর্মার ব্যাট যেন আরও কয়েক ইঞ্চি চওড়া হয়ে যায়। কলকাতার ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে থাকেন হিটম্যানের ব্যাট থেকে নতুন কিছু পাওয়ার প্রত্যাশায়।
দু’দিন আগেই আফ্রিদিকে টপকে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ২০০ ছক্কার নজির গড়েছেন কোহলির ডেপুটি। রবিবাসরীয় ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনে ফের একবার ব্যাট হাতে নামবেন রোহিত শর্মা। দিওয়ালির আগে রোহিতের ব্যাট থেকে ফের চার-ছয়ের ফুলঝুরি দেখার অপেক্ষায় তিলোত্তমার ক্রিকেটপ্রেমীরা। তবে এবার লড়াই ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণে। আর ডেপুটি নয়, এবার একেবারে জাতীয় দলের দলনায়ক হিসেবে ইডেনের মাটিতে নতুন ভূমিকায় দেখা যাবে রোহিত শর্মাকে।

কোহলি নেই। তাই পয়মন্ত মাঠে টি-২০ সিরিজে অধিনায়কের গুরুদায়িত্ব বর্তেছে রোহিতের উপরই। রবিবাসরীয় যুদ্ধে কার্লোস ব্রেথওয়েটের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে কি কোনওরকম চাপ অনুভব করছেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান? দু’মাস আগে মেন ইন ব্লু’কে এশিয়া চ্যাম্পিয়ন করার কারিগর রোহিত কিন্তু মেগা ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজেই। শুক্রবার সন্ধ্যায় ইডেনে অনুষ্ঠিত প্রয়াত জগমোহন ডালমিয়ার দ্বিতীয় কনক্লেভ অনুষ্ঠানে যোগ দিয়ে রোহিত জানালেন, তাঁর নেতৃত্বের পাঠ শেখা এখানকার ঘরের ছেলে অর্থাৎ ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলির কাছেই।

একসঙ্গে খেলার সুযোগ সেই অর্থে হয়নি। তাহলে মহারাজের নেতৃত্বের পাঠ কীভাবে রপ্ত করলেন মুম্বইকার। মহারাজের দলে খেলা এমন অনেক ক্রিকেটার আছেন যারা আদতে রোহিতের খুব ভাল বন্ধু। এপ্রসঙ্গে যুবরাজ সিংয়ের নাম উল্লেখ করেন রোহিত শর্মা জানান, ‘পিছন থেকে জুনিয়রদের উৎসাহিত করা হোক কিংবা ড্রেসিংরুমে তাদের মতামতকে সমান গুরুত্ব দেওয়ার বিষয় হোক, দলের আভ্যন্তরীন এইসব বিষয়গুলোতে আমুল পরিবর্তন এনেছিলেন সৌরভ গাঙ্গুলি।’

তাই শুধু মাঠের ভিতরেই নয়, মাঠের বাইরের নানা বিষয় থেকেও মহারাজের থেকে দলকে নেতৃত্ব দেওয়ার পাঠ রপ্ত করেছেন তিনি। পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বহুবছর ধরে মাঠ এবং ড্রেসিংরুম শেয়ার করার বিষয়টি তো আছেই। সবমিলিয়ে নেতৃত্ব যে তিনি উপভোগ করেন সেটা হাবেভাবে বুঝিয়ে দিলেন রোহিত। পাশে তখন রোহিতের গলায় নিজের প্রশংসা শুনে স্মিত হাসি মুখে নিয়ে আপ্লুত মহারাজ।
টেস্ট সিরিজ এবং ওয়ান ডে সিরিজ জয়ের পর রবিবার ইডেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে অভিযান শুরু করছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে সেখানেও জয় পেতে মরিয়া মেন ইন ব্লু। যা অস্ট্রেলিয়া সফরের আগে নিশ্চিতভাবে মনোবল বাড়াবে দলের।



