
ফিফা সভাপতিকে জাতিসংঘের মহাসচিব হিসেবে চান ট্রাম্প
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা এখন কারও অজানা নয়। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজনই দুজনের এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
সংবাদমাধ্যমের সামনে অনেকবার ইনফান্তিনোর প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছেন ট্রাম্প। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ফাইনালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নিয়ে উপস্থিত ছিলেন ইনফান্তিনো। এই ঘটনা ঘিরে কম আলোচনা হয়নি। এবার ইনফান্তিনোকে নিয়ে ব্যতিক্রমী এক ইচ্ছা প্রকাশ করে ফের আলোচনায় ট্রাম্প।
ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প। প্রতিবেদনে এমনই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। প্রতিবেদনে পত্রিকাটি জানায়, ট্রাম্প পরবর্তী ইউএন মহাসচিব হিসেবে সুইস বংশোদ্ভূত ফুটবল প্রশাসক ইনফান্তিনোর নাম সমর্থন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইনফান্তিনো প্রার্থী হলে নির্বাচনে ট্রাম্প তাঁর পক্ষেই ভোট দেবেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস কিংবা ফিফা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ডিসেম্বরে দায়িত্ব ছাড়বেন। তাঁর উত্তরসূরি নির্বাচনের ভোট হবে চলতি বছরের শেষ দিকে। জাতিসংঘের শীর্ষ পদ নিয়ে এমন আলোচনা শুরু হলেও ইনফান্তিনো ইতিমধ্যে আগামী মার্চে ফিফা সভাপতির পদে পুনর্নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন।
গত ডিসেম্বরে ট্রাম্পের হাতে ফিফা পিস প্রাইজ তুলে দিয়েছিলেন ইনফান্তিনো। দুই নেতার সম্পর্কের আরেকটি উদাহরণ দেখা যায় চলতি মাসের শুরুতে। বিশ্বকাপের শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে ইনফান্তিনোকে ফোন করেছিলেন ট্রাম্প। পরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।



