
বিকেলেই দিল্লিতে বৈঠক করবেন মোদী ও অমিত শাহ
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দুই রাজ্যের নির্বাচনের ফলাফল ঘিরে উত্তেজনা তুঙ্গে। মহারাষ্ট্রে বিজেপির সহজ জয় এলেও, হরিয়ানায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আঞ্চলিক দলের উপর ভরসা করতে হবেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলেই বৈঠকে হাজির হচ্ছে নরেন্দ্র মোদী ও অমিত শাহ।
সূত্রের খবর, এদিন বিকেল ৫টায় বিজেপির হেডকোয়ার্টারে পৌঁছবেন মোদী ও শাহ। সেখানেই বিজেপির সংসদীয় বৈঠক হবে বলে জানা গিয়েছে।
হরিয়ানাতে নির্বাচনী ফল ঘোষণা হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি প্রেসিডেন্ট এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টার সহ রাজ্য বিজেপির রথী মহারথীদের নিয়ে জরুরি বৈঠক করেন।
পূর্বপরিকল্পিত সমস্ত বৈঠক বাতিল করে দিয়েছেন অমিত শাহ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে সেই অনুষ্ঠান বাতিল করেছেন শাহ। মূলত ভোটের এই ফলাফল দেখার পরেই সমস্ত অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন নাকি বিজেপির সর্বভারতীয় সভাপতি।
৯০ টি আসনে নির্বাচন হয়েছে হরিয়ানায়। ভোট পড়েছে ৬৮.৩১ শতাংশ। একদিকে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, অন্যদিকে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা ও জেজেপির দুষ্যন্ত চৌতালা।
এখনও পর্যন্ত হরিয়ানায় ৪০টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ৩০টি আসনে, জেজেপি এগিয়ে ১০টি আসনে, বাকিরা ১০টি। মহারাষ্ট্রে বিজেপি এগিয়ে ১৫৫টি আসনে, কংগ্রেস ১০৯টি আসনে এবং অন্যান্যরা ২৪টিতে এগিয়ে।



