
‘বিষ ছড়াচ্ছেন মোদী’, অভিযোগ রাহুল গান্ধীর
রূপসী বাংলা নিউজ ডেস্ক: লোকসভায় ভোটে মান রক্ষা করেছে ওয়ানাড৷ আমেঠিতে হারলেও জয় এসেছে দক্ষিণ ভারতের এই কেন্দ্র থেকে৷ শনিবার কেরলের ওয়ানাডে গিয়ে ভোটারদের কৃতজ্ঞতা জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ দেশকে ভাগের চক্রান্তে ‘মোদী বিষ ছড়াচ্ছেন’ বলেও অভিযোগ করেন রাহুল৷
এদিন কেলপেট্টায় রোড শো’য়ে অংশ নেন ওয়ানাডের সাংসদ৷ যাকে ঘিরে কংগ্রেস কর্মী, সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো৷ যদিও গোটা দেশের চিত্র ভিন্ন৷ লোকসভা ভোটে হেরে বিষন্ন দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটি৷ এই অবস্থায় আবারও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তুললেন সোনিয়া তনয়৷
কংগ্রেস সভাপতি বলেন, ‘‘আমরা জাতীয়স্তরে ‘বিষে’র সঙ্গে লড়াই করছি৷ রাজনৈতিক আক্রমণে কড়া কথার প্রয়োগ হয়৷ কংগ্রেসও করে৷ কিন্তু মোদীজী বিষ ছড়িয়েছেন৷ তাঁর লক্ষ্য একটাই৷ দেশে বিভেদ তৈরি করা৷’’ এখানেই থেমে থাকেননি তিনি৷ মোদীজীর বিরুদ্ধে রাগ উগরে দেওয়ার মত অভিযোগ এনেছেন তিনি৷ রাহুলের কথায়, ‘‘সমাজে বিভেদের লক্ষ্যে চড়া সুরে কথা বলতেন প্রধানমন্ত্রী৷ ধাক্কা দিতেন মানুষের মনে৷’’
মানুষের মন জয়ে মোদীর বিভেদের পালটা রাহুলের দাওয়াই, ভালোবাসা৷ এদিন ওয়ানাডের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তা ফের স্পষ্ট করেন কংগ্রেস সভাপতি৷ জানিয়ে দেন, ‘‘সব জাতি, ধর্মের মানুষ আমাদের কাছে আসতে পারে নির্ভয়ে৷ কংগ্রেস কাজ করবে তার মানুষের জন্য, কোনও ব্যক্তির বিশষ পরিচয় জেনে নয়৷’’
ভোটে গেরুয়া ঝড়৷ চেষ্টা করলেও হাতের তালুতে সেই ঝড় ঠেকানো যায়নি৷ কিন্তু দলের সভাপতি রাহুল মনে করেন, দেশাত্ববোধকে পুঁজি করে গেরুয়া শিবির মানুষের আবেগ নিয়ে খেলেছে৷ বিজেপি জয় মিথ্যার ভিতের উপর দাঁড়িয়ে৷ তাঁর আশা এই ঝড় সময়ের নিয়মেই উবে যাবে৷ এদিন কংগ্রেস সভাপতি বলেন, ‘‘মোদীজী দেশবাসীর আবেগ নিয়ে খেলেছেন৷ মোদী ঘৃণা, নিরাপত্তাহীনতা ও মিথ্যার প্রতীক৷’’
ভোটের ফলই বলে দিচ্ছে মোদীর বিকল্প হিসাবে মানুষ বেছে নেয়নি রাহুল গান্ধীকে৷ দায় মাথায় নিয়ে কংগ্রেস সবাপতির পদ থেকেও সরে যেতে চেয়েছিলেন তিনি৷ তবে কংগ্রেস কর্মসমিতি তা অনুমোদন দেয়নি৷ উলটে তাঁর নেতৃত্বেই ফের লড়াইয়ের ডাক দেওয়া হয়৷ আশ্বস্ত সোনিয়া তনয় তাই মোদী বিরোধীতাকেই বেছে নিয়েছেন নিজের কেন্দ্রে গিয়ে৷ মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা৷



