
জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে নেত্রকোনার জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
রফির বাবা তরিকুল ইসলাম জানান, রাত সাড়ে ১০ দিকে আমরা ঘুমিয়ে যাই। গভীর রাতে কে বা কারা ঘরের বারান্দায় বাজারের শপিংয়ের সঙ্গে পেট্রল মিশিয়ে বিদ্যুতের মিটারের কাছেই আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে পেট্রলের গন্ধে আমার স্ত্রীর ঘুম ভেঙে যায়। পরে ঘুম থেকে উঠে খোঁজাখুঁজি করে দেখি ঘরের সামনের বারান্দায় কে বা কারা পেট্রল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে।
এ বিষয়ে রাফির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার গ্রামের বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করেছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন পুরো বাড়িতে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি তার।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, গভীর রাতে কে বা কারা বাড়িটিতে আগুন দেয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা জেগে ওঠায় দুর্বৃত্তরা আর আগুন ছড়াতে পারেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



