নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

ব্রুকলিনের বেল্ট পার্কওয়েতে পুলিশের গুলিতে ভ্যানচালক নিহত

অপহরণের আশঙ্কায় ৯১১-এ ফোন, ধাওয়ার পর একাধিক গাড়িতে ধাক্কা; পুলিশের গুলিতে মৃত্যু

শাহ্ জে. চৌধুরী:
নিউইয়র্কের ব্রুকলিনে অপহরণের আশঙ্কায় পাওয়া ৯১১ কলের সূত্র ধরে পুলিশের সঙ্গে ধাওয়া ও সংঘর্ষের একপর্যায়ে পুলিশের গুলিতে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বেল্ট পার্কওয়েতে এ ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD) জানায়, শনিবার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটের দিকে কনি আইল্যান্ডের ওয়েস্ট ২২ স্ট্রিট ও সার্ফ অ্যাভিনিউ এলাকায় একটি সাদা কার্গো ভ্যানের ভেতর এক নারীকে চিৎকার করতে ও বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখেন দুই প্রত্যক্ষদর্শী। তাঁরা ৯১১ নম্বরে ফোন করে সম্ভাব্য অপহরণের আশঙ্কার কথা জানান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কর্মকর্তারা ভ্যানটির কাছে গেলে চালক দ্রুত পালিয়ে যান। পরে বেল্ট পার্কওয়েতে কনি আইল্যান্ড অ্যাভিনিউয়ের কাছে পুলিশ গাড়িটির গতিরোধের চেষ্টা করে। কিন্তু চালক নির্দেশ অমান্য করে সামনে-পেছনে গাড়ি চালিয়ে পুলিশের গাড়ি এবং যাত্রীসহ কয়েকটি বেসামরিক গাড়িতে ধাক্কা দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পিপার স্প্রে ও টেজার ব্যবহার করলেও চালককে থামানো যায়নি। একপর্যায়ে পুলিশ সদস্যরা গুলি চালান। গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত চালকের নাম ২৬ বছর বয়সী ওমাতোয়ো নেভারসন (Omatoyo Neverson)। তিনি ব্রুকলিনের বাসিন্দা।

এদিকে, ভ্যানের ভেতরে থাকা নারীকে পুলিশ অক্ষত অবস্থায় খুঁজে পেয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভ্যান থেকে বেরিয়ে এসেছিলেন। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে পারিবারিক বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, একই নারীকে কেন্দ্র করে গত মাসে বেআইনিভাবে আটকে রাখা এবং চলতি মাসের শুরুতে পারিবারিক সহিংসতার অভিযোগে ওই চালককে খোঁজা হচ্ছিল।

ঘটনাটি পুলিশের বডি-ক্যামেরায় ধারণ করা হয়েছে। পুলিশের গুলিবর্ষণের ঘটনা ও এর পেছনের পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা এবং গুলিবর্ষণের যৌক্তিকতা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: The New York Times, ABC7 New York ও CBS New York

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension