
মমতার সঙ্গে ভারতীয় নোবেলজয়ীর জরুরি বৈঠক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নবান্নে বৈঠকে জরুরি আলোচনা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ নিম্নগামী। কিন্তু তৃতীয় ঢেউ আসতে চলেছে বলে খবর। সেটাকে কিভাবে সামলানো যাবে? এই প্রশ্ন নিয়েই গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ডের বৈঠক বসেছিল। নবান্নে চলে এই জরুরি বৈঠক। আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাত সমুদ্র পার করে আমেরিকা থেকে ছুটে এলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কারণ এই বোর্ডে তিনিও রয়েছেন বিশেষ পদে।
বৃহস্পতিবারের বৈঠকে জরুরি আলোচনা হলো নবান্নে। তারপর বাঙালি অর্থনীতিবিদকে সঙ্গে নিয়েই সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী জানান, গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড তার অনুপস্থিতিতেই বারবার দায়িত্ব নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এই বোর্ডেরই গুরুত্বপূর্ণ সদস্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আগেও আমেরিকা থেকে অনলাইনে হাজির থেকে বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। আর আজ আমেরিকা থেকে রাজ্যে আসায় আমরা আপ্লুত।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে এখন করোনা মোকাবিলার সবরকম পরিকাঠামো রয়েছে। আমাদের হাতে অক্সিজেন আছে, পরীক্ষার সবরকম ব্যবস্থা রয়েছে। গ্রামাঞ্চলেও সবরকম সুবিধা আছে। এবার সংবাদমাধ্যমের দায়িত্ব, এই প্রস্তুতির খবর সবার কাছে পৌঁছে দেওয়া। যাতে সকলে সময়মতো অসুস্থ হলেই চিকিৎসা করাতে পারেন। এখন থেকে সকলেই জেনে রাখুন, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা পরিষেবা পাবেন।’



