ভারত

আসামে সরকারি অফিসে জিনস-চটি নিষিদ্ধ

সরকারি দপ্তরে নিজের পছন্দমতো পোশাক পরে যাওয়ার সুযোগ আর থাকছে না ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সরকারি কর্মীদের। তাদের জন্য নতুন পোশাকবিধি চালু করেছে অসামের সাধারণ প্রশাসন বিভাগ। জিনস, টি-শার্ট, চটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার।

শুক্রবার (২৭ নভেম্বর) থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে। তবে এই নির্দেশ রাজ্যের সব সরকারি কর্মীর জন্য নয়। আপাতত গুয়াহাটির রাজ্য সচিবালয় জনতা ভবনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্যই এই বিধি কার্যকর করা হয়েছে।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সচিবালয়ে কর্মরত পুরুষ ও নারী কর্মীদের পোশাক হতে হবে শালীন, পরিচ্ছন্ন ও দাপ্তরিক পরিবেশের উপযোগী। জিনস, টি-শার্ট এবং লেগিংস পরে অফিসে আসা যাবে না। একইভাবে চটি পরেও দপ্তরে প্রবেশ করা যাবে না। কর্মীদের পোশাকের মাধ্যমে পেশাদারত্ব, শালীনতা ও ভদ্র আচরণের পরিচয় ফুটে উঠতে হবে।

সাধারণ প্রশাসন বিভাগের ব্যাখ্যা, সম্প্রতি সচিবালয়ের কিছু কর্মী এমন পোশাক পরে দপ্তরে আসছিলেন, যা সরকারি কর্মপরিবেশের সঙ্গে মানানসই নয়। এতে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছিল। সেই কারণেই কর্মীদের পোশাকের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপসচিব মানস জ্যোতি বরুয়ার স্বাক্ষরিত নির্দেশিকায় পুরুষ কর্মীদের জন্য আনুষ্ঠানিক প্যান্ট ও শার্ট পরার কথা বলা হয়েছে। পাশাপাশি কুর্তা, ধুতি ও পায়জামার মতো ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকও পরা যাবে। নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ারের মতো পোশাক নির্ধারণ করা হয়েছে। পোশাকের রং হতে হবে হালকা এবং তা অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে।

শুধু পোশাক নয়, জুতা পরার ক্ষেত্রেও নির্দেশিকা জারি করেছে সরকার। দপ্তরের পরিবেশের সঙ্গে মানানসই জুতা পরতে হবে কর্মীদের। কোনোভাবেই চটি পরে সচিবালয়ে আসা যাবে না। অর্থাৎ পোশাক থেকে পাদুকা, কর্মীদের দৈনন্দিন সাজপোশাকের প্রায় প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট সীমারেখা টেনে দিয়েছে আসাম সরকার।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই পোশাকবিধি অমান্য করলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। ফলে শুক্রবার থেকে জনতা ভবনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের নতুন নিয়ম মেনেই দপ্তরে আসতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension