ভারত

মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল

২০২৬ সালের মে মাসে নরওয়ের অসলো সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নরওয়েজিয়ান সাংবাদিক হেলে লিংকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বৈধ ভিসা থাকা সত্ত্বেও হায়দরাবাদের উদ্দেশে রওনা হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তার ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

তেলেঙ্গানা সরকারের আয়োজনে আগামী ১৩ নভেম্বর থেকে হায়দরাবাদে শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী ‘ভারত সামিট’-এ অন্যতম বক্তা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল হেলে লিংয়ের। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার ঠিক ১০ মিনিট আগে নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে যোগাযোগ করে তাকে জানানো হয়, তিনি ভারতে ভ্রমণ করতে পারবেন না। তার অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপরের মহলের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নরওয়ের সংবাদপত্র দাগসাভিসেন-এ কর্মরত হেলে লিং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, ভিসা ও রাজনৈতিক ছাড়পত্র পাওয়ার পর তিনি গণমাধ্যম, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্রবিষয়ক একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার অপেক্ষায় ছিলেন।

শেষ মুহূর্তের এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে লিং প্রশ্ন তোলেন, মোদি ও তার সরকারের সমালোচনার কারণেই এমনটি করা হয়েছে কি না। এ ছাড়া প্রধানমন্ত্রীর কথিত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানির সমালোচনা করে লেখা নিবন্ধ এবং ককরোচ জনতা পার্টি আন্দোলন নিয়ে ইতিবাচক মতামত ও দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সাক্ষাৎকার নেওয়ার বিষয়টিও এর পেছনে ভূমিকা রাখতে পারে বলে তিনি ধারণা করছেন। প্যানেল আলোচনার এখনও সময় বাকি আছে উল্লেখ করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য অমিত শাহের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০২৬ সালের ১৮ মে অসলোতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে যৌথ সংবাদ বিবৃতি শেষে মোদি চলে যাওয়ার সময় হেলে লিং প্রশ্ন করেছিলেন, প্রধানমন্ত্রী মোদি, বিশ্বের সবচেয়ে স্বাধীন গণমাধ্যমের কিছু প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না? মোদি এর কোনও উত্তর না দিয়ে স্থান ত্যাগ করেন। পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও তিনি এ নিয়ে প্রশ্ন তুললে মন্ত্রণালয় শূন্য, যোগব্যায়াম ও দাবার মতো বিশ্ব সংস্কৃতিতে ভারতের অবদানের কথা তুলে ধরে জবাব দিয়েছিল।

সূত্র: ডেকান হেরাল্ড

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension