
যুক্তরাষ্ট্রের বাল্টিমোর সিটির রাস্তা থেকে জিয়ার নামফলক অপসারণ
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড স্টেটের বাল্টিমোর শহরের একটি রাস্তা থেকে বাংলাদেশের সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের নামের নামফলক সরিয়ে ফেলেছে স্থানীয় প্রশাসন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবারের পক্ষ থেকে গৃহীত উদ্যোগের ফলে স্বৈরশাসক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম অপসারণ করেছে বাল্টিমোর মেয়র অফিস।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মেরিল্যান্ডের বাল্টিমোরের সড়ক থেকে জিয়াউর রহমানের নাম সরিয়েছে সিটি কর্তৃপক্ষ। সিটি মেয়রের সাথে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর সিটিতে গত মাস তিনেক আগে বাংলাদেশের স্বঘোষিত রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমানের নামে একটি রাস্তার নামকরণ করা হয়। এই নামকরণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বসবাসকারী আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছিল। লিখিত অভিযোগ দায়েরের পর যুক্তির সপক্ষে প্রমাণপত্র ও দলিল দস্তাবেজ চান সিটি মেয়র ব্রান্ডন এম স্কট। বাংলাদেশ থেকে কাগজপত্র নিয়ে তার সঙ্গে পাঁচশ’ স্মাক্ষরসহ পিটিশন আকারে জমা দেয়া হয়।
এসব তথ্য বিশ্লেষনের পর আবেদনকারী প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকীকে ৯ সেপ্টেম্বর এক ভার্চুয়াল মিটিংয়ের সময় প্রদান করা হয়। এক বিশেষজ্ঞ প্যানেলসহ নেতৃবৃন্দ তাদের যুক্তিতর্ক তুলে ধরেন এবং প্রয়োজনে সর্বোচ্চ আদালতের রায়ের হার্ডকপি প্রদানের অঙ্গীকার করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেরিল্যান্ডের বাল্টিমোর সিটিতে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামে যে রাস্তার নামকরণ করা হয়েছিল, তা বাতিল ঘোষণা করে তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হয়েছে।
শুরু থেকেই এ প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী। তাকে সহযোগীতা করেন শামীম চৌধুরী, ড. প্রদীপ রঞ্জন কর, এ্যাডভোকেট শাহ বখতিয়ার, মনজুর চৌধুরী, এম এ করিম জাহাঙ্গীর, সাদেকুল বদরুজ্জামান পান্না, শরীফ কামরুল আলম হীরা, জালাল।
উল্লেখ্য, বাল্টিমোরের ২০০ ওয়েস্ট সারাটগা স্ট্রিটে গত জুন মাসে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামফলক লাগানো হয়েছিল।



