
রাফা ছাড়ল এক লাখ ফিলিস্তিনি
রাফার পূর্বাঞ্চলে বিরামহীন গোলাবর্ষণ করেছে ইসরায়েল। আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্তে বিপুলসংখ্যক ট্যাংকসহ যুদ্ধসরঞ্জাম ও সেনা জড়ো করছে দেশটি। এর মধ্যেই জানা গেছে, ইসরায়েলি বাহিনীর হামলার মুখে মরিয়া হয়ে রাফা ছেড়েছে প্রায় এক লাখেরও বেশি মানুষ।
শুক্রবার (১০ মে) ইউনিসেফের জ্যেষ্ঠ জরুরি সমন্বয়কারী হামিশ ইয়ং জেনেভাকে বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য বিবিসির প্রতিবেদনে প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি রাফা ছেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।
গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনারা রাফার পূর্বাঞ্চলে আক্রমণ করেছে। এতে পূর্বাঞ্চলের কিছু এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় পানি এবং খাবার ফুরিয়ে এসেছে। কারণ রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর গাজায় ত্রাণসামগ্রী প্রবেশ বন্ধ হয়ে গেছে।
এছাড়া টানা চতুর্থ দিনের মতো গতকালও বন্ধ ছিল গাজার ইসরায়েল সীমান্তবর্তী কারেম সালেম ক্রসিং। সেখানে জর্ডানের পাঠানো ত্রাণবহর আটকে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। রাফা ও কারেম সালেম ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজায় বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর যোগাযোগ কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেন, গত ২৪ ঘণ্টায় রাফায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা ওই এলাকায় গত দুই সপ্তাহে চালানো হামলার সমান।
রাফার পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে গত সোমবার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। ওই দিন রাতেই সেখানে ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাংক। পরদিন মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিং দখলে নেয় তারা। এতে বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় অবরুদ্ধ গাজা।



