
আসাদুজ্জামান খান মুকুল
নয়ন সাগরে ভেসে যায় তব রূপের তরণীখানি,
কুসুমিত বনে হরষিত মনে সুবাসের সুধা আনি।
হাসিতে ছড়ায় জোছনার রাশি নিশীথ রাতের গায়,
কপালে অলকে রূপের ঝলকে মাধুরী ছড়িয়ে যায়।
সুষমামণ্ডিত সুরভিত যেন অচিন রাজের রানী,
সুরভির টানে উচ্ছলিত গানে জেগেছে প্রেমের বাণী।
মোহময়ী টানে আমার পরানে আবেগের ওঠে ঢল,
প্রিয়তমা পেয়ে পুলকিত হয়ে ঘুচিল ব্যাথার ছল।
তুমিই আমার অতুল রতন জীবন মরণ খেলা,
মায়ার বাঁধনে পরম সাধনে ভেসেছে সুখের ভেলা।
তোমাকে ঘিরেই স্বপন বুনেছি জীবনের বালুচরে,
থাকিতে দুজনে প্রেম আলিঙ্গনে জনম জনম ভরে।



