
অষ্টমীর পূজায় প্রণব মুখোপাধ্যায়ের চণ্ডীপাঠ
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভারতের রাষ্ট্রপতি যখন ছিলেন তখনও যাবতীয় প্রটোকল ভেঙে দুর্গাপূজায় অংশ নিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। এখন তিনি সাবেক রাষ্ট্রপতি। তাই প্রোটোকলের কড়া বিধি নিষেধ আর সেই অর্থে নেই। তবে এখন প্রতিকূলতা বার্ধক্য। কিন্ত বয়সের সেই প্রতিকূলতা দূর করে প্রণব মুখোপাধ্যায় ফের নিজেই বসলেন দুর্গাপূজার আসনে। দেবী দুর্গা বন্দনায় মহাষ্টমীর পূজায় নিজেই করলেন চণ্ডীপাঠ। ফের একবার বাড়ির পূজায় ঘরের ছেলে হয়ে উঠলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি।
প্রতিবছর দুর্গাপূজার সময় যা যা করে এসেছেন, এবারও তার অন্যথা করলেন না। ষষ্ঠীর বিকেলেই তিনি পৌঁছে গিয়েছেন তার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মিরিটির বাড়িতে। সপ্তমীর সকালে অবশ্য শারীরিক প্রতিকূলতার কারণে দেবী দুর্গার মহাস্নানে প্রত্যক্ষভাবে অংশ নিতে পারেননি। তবে তিনি নবপত্রিকা স্নানের শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। তারপর অষ্টমীতে বসলেন পূজার আসনে। শুদ্ধচিত্তে করেলেন চণ্ডীপাঠ।
প্রতিবছরের এই দিনটা পুরোপুরি অন্য মেজাজে দেখা যায় ভারতের সাবেক রাষ্ট্রপতিকে। এবারও তার অন্যথা হয়নি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু গুরুদায়িত্ব সামলেছেন। কিন্ত প্রতিবছরই পূজা এলে তিনি বাড়ি চলে আসেন এবং নিজে চণ্ডীপাঠ করেন। ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, এমনকী রাষ্ট্রপতি হিসেবে দেশের সাংবিধানিক প্রধানের পদে আসীন হওয়ার পরও তিনি দুর্গাপূজায় সক্রিয় অংশ নিয়েছেন বরাবর।
পরনে সাদা ধুতি, গায়ে উত্তরীয়। ধোপদুরস্ত পৌরহিত্যের পোশাকে ভারতের সাবেক রাষ্ট্রপতিকে এবছরও দেখা গেলো পূজার আসনে। নিজেই পূজার আসনে বসে চণ্ডীপাঠ করলেন। তার শুদ্ধ উচ্চারণে মণ্ডপ গমগম করে উঠলো।
মিরিট গ্রামে ১৮৯৬ সালে শুরু হয়েছিল এই মুখার্জি বাড়ির দুর্গাপূজা। প্রণববাবুর দাদু জঙ্গলেশ্বর মুখোপাধ্যায় সন্তান লাভের আশায় স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন দুর্গা আরাধনা। তারপরই জন্মগ্রহণ করেন প্রণবাবুর বাবা কামদাকিঙ্কর মুখোপাধ্যায়। সেই থেকেই এই পূজা চলে আসছে। সমস্ত ব্যস্ততা সরিয়ে রেখে প্রণববাবু সবসময় বাড়ির পূজায় উপস্থিত থেকেছেন।
মাঝে শুধু এক বছর পূজা বন্ধ ছিল। ১৯৭২ সালে বন্যার কারণে বন্ধ ছিল মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপূজা। আর ১৯৫৬ সালে দুর্গাপ্রতিমা ভেঙে যাওয়ায় পূজা হয়েছিল ঘটে। তিনবার প্রণববাবু অংশ নিতে পারেননি। একবার ভারতের হয়ে জাতিসংঘে প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন। সেটা ছিল ১৯৯৫ সাল। প্রণববাবু তখন পররাষ্ট্রমন্ত্রী। আর দু’বার নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন উত্তরপ্রদেশ ও উত্তর-পূর্ব ভারতে।
বাকি সমস্ত বছরেই তার উপস্থিতি থাকে বাড়ির পূজায়। রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি সমানে হাজির থেকেছেন পূজায়। যথারীতি চণ্ডীপাঠ করেছেন দুর্গাদালানে। রোববারও সেই ধারা বজায় রাখলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।



