
আজ ফিলিস্তিন সফরে যাচ্ছেন মোদি
রূপসী বাংলা ডেস্ক:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। তিনি প্রথম ফিলিস্তিন সফর করবেন। এরপর একে একে সংযুক্ত আরব আমিরাত ও ওমান সফর করবেন। ফিলিস্তিনে এটিই হবে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর।
ইসরায়েল সফরের মাত্র ৬ মাস পর এবার মধ্যপ্রাচ্য সফর শুরু করতে যাচ্ছেন মোদি। শুক্রবার আরও পরের দিকে নয়াদিল্লি থেকে যাত্রা শুরু করার কথা রয়েছে তার।
সফরের প্রথম পর্যায়ে তিনি ফিলিস্তিনের রামাল্লা ও পশ্চিমতীর যাবেন। সেখানে তাকে অভ্যর্থণা জানাবেন ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস। এক বিবৃতিতে এই সফরকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদি। গত পাঁচ দশক ধরে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে নয়াদিল্লি। যদিও ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর নিজের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে ভারত। ইসরায়েলের সঙ্গে ভারতের দারুণ বন্ধুত্ব গড়ে ওঠেছে এবং দু দেশের মধ্যে রয়েছে মোটা অঙ্কের বাণিজ্যিক লেনদেন। মাত্র দিন কয়েক আগেই ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
পশ্চিমতীর থেকে শনিবার দু দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন মোদি। সেখানে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন রাশি আল মাকতমি এবং আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। সবশেষে তিনি আগামী রোববার ওমান সফরে যাবেন। তিন দিনের সফর শেষে সোমবার দেশে ফেরার কথা রয়েছে মোদির।



