
আজ সুপ্রিম কোর্টে অলোক বর্মা মামলার শুনানি
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সিবিআইয়ের গৃহযুদ্ধ নিয়ে দেশ এখন উত্তাল৷ সারা দেশের নজর আজ শুক্রবার সুপ্রিম কোর্টের দিকে৷ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের (সিভিসি) সিদ্ধান্তকে হাতিয়ার করে সরকার সিবিআই প্রধান অলোক বর্মা ও সংস্থার স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাসহ একাধিক অফিসারকে ছুটিতে পাঠানো হয়েছে৷ কিন্তু বেঁকে বসেন একজন৷ তিনি এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন৷
যত তাড়াতাড়ি সম্ভব সেই শুনানির আর্জি জানানো হয়েছে৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসকে কওল এবং বিচারপতি কে এম যোসেফ-এর বেঞ্চে এই শুনানি হওযার কথা থাকলেও, প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসে অলোক বর্মার করা মামলার শুনানি নাও হতে পারে বলে শোনা যাচ্ছে, কারণ প্রধান বিচারপতি নিজে কলেজিয়ামের সদস্য৷ সেক্ষেত্রে বিচারপতি এস কে কউল ও বিচারপতি কে এম জোসেফের বেঞ্চে শুনানি হতে পারে৷
সিবিআই প্রধান অলোক বর্মাকে ছুটিতে পাঠিয়ে সেখানে সিবিআইয়ের নতুন ভারপ্রাপ্ত অধিকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে এম নাগেশ্বর রাওকে৷ এই পরিবর্তন কতটা আইন মেনে হয়েছে শীর্ষ আদালতে আজ সে বিষয়টি প্রাধান্য পাবে৷
এদিকে অলোক বর্মার মামলা নিয়ে ইতিমধ্যেই সরকারের প্রতি তোপ দেগে বিক্ষোভ কর্মসূচীর কথা ঘোষণা করেছেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী৷ তিনি ট্যুইট করে তাঁর এই বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণের আবেদন জানান সকলকে৷
Join us today at 11 AM as we march from Dayal Singh College on Lodhi Road to the CBI HQ, to protest the PM’s disgraceful & unconstitutional attempt to block an investigation into the Rafale scam by removing the CBI Chief. Similar protests are being held today, across India.
— Rahul Gandhi (@RahulGandhi) October 26, 2018
সিবিআই-এর সদর দফতরের সামনে বিক্ষোভের আশঙ্কায় ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে৷ দিল্লিতে বিক্ষোভে ২ তৃণমূল সাংসদ সামিল হবেন বলে জানা গিয়েছে৷ এদিকে নতুন ভারপ্রাপ্ত অধিকর্তার নিয়োগ নিয়েও বিতর্ক শুরু হয়েছে৷
কার পক্ষে রয়েছে কে?
অলোক বর্মার পক্ষে সিনিয়র আইনজীবী এফএস নরিমন এবং সঞ্জয় হেগড়ে৷
রাকেশ আস্থানার পক্ষে রয়েছেন মুকুল রোহতগি৷
অলোক বর্মা তাঁর পিটিশনে তাঁকে সিবিআই-এর ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়ার বিরোধিতা করেছেন৷ তিনি এই পিটিশনে বলেছেন, কেন্দ্রীয় সরকার সিবিআই-এর কাজে দখলদারির চেষ্টা করছে৷
এদিকে, এখনও তিনি সিবিআই অধিকর্তা, অলোক বর্মাকে পদ থেকে অপসারণ করা হয়নি৷ তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির প্রমাণিত না হলে তিনি এই পদে বহাল থাকবেন৷ তবে যতদিন তদন্ত চলবে ততদিন এই দায়িত্ব সামলাবেন এম নাগেশ্বর রাও৷ বৃহস্পতিবার এমনটাই জানায় সিবিআই মুখপাত্র৷
বুধবার মধ্যরাতে নাটকীয় পট পরিবর্তনের পর জানা যায় সিবিআইয়ের এক ও দুই নম্বর ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য ছুটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ এক নম্বর ব্যক্তিটি হলেন অলোক বর্মা৷ দ্বিতীয় জন হলেন স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা৷ এদিকে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দেন অলোক বর্মা৷ আজ শুক্রবার এই মামলার শুনানি৷
শেষ পর্যন্ত সরকার না সিবিআই কর্তা কে ঠিক তার জন্য সারা দেশ এখন সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর রাখছে৷



