
আটলান্টিক সিটিতে বিএএসজের জমজমাট ঈদ মেলা
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত মঙ্গলবার (২ এপ্রিল) ‘ঈদ মেলা’ আয়োজিত হয়েছে। সিটির ফেয়ারমাউন্ট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই ‘ঈদ মেলা’ আয়োজিত হয়।বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টারের উদ্যোগে আয়োজিত এই ‘ঈদ মেলা’ ওইদিন দুপুরে শুরু হয়ে রাতে শেষ হয়।
ঈদ মেলায় প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন। স্টলগুলোতে শাড়ি, সালোয়ার কামিজসহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাক, পুরুষদের পাঞ্জাবি, শিশুদের বাহারি পোশাক,বিভিন্ন ডিজাইনের অলংকার ইত্যাদি বিক্রি হয়েছে।
ঈদ মেলায় অংশগ্রহণকারী প্রবাসী ভারতীয় ব্যবসায়ী মিসেস মমতাজ জানান, তার স্টলে নারীদের বিভিন্ন ডিজাইনের অলংকারের ভালোই বিকিকিনি হয়েছে। প্রবাসী পাকিস্তানি ব্যবসায়ী মো. আলী বলেন, তার স্টলে মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি বেশ ভালো বিক্রি হয়েছে। নিউ ইয়র্ক থেকে আগত আদর ফ্যাশনের স্বত্বাধিকারী মো. মজিদ আলী জানান, তার স্টলে নারী ও ছোটদের পোশাকের বিক্রি ভালো হয়েছে।



