
আব্দুল্লাহ আল মামুন রিটন
শেষ পর্যন্ত নদীর কাছে গিয়েছিলাম
ভেতরের সমস্ত জঞ্জাল ধুয়ে নেব বলে
আমাকে দেখেই নদী হাসলো
তার বুকের অজস্র শ্যাওলাগুলো
ধরে আছে থরে থরে শহুরে আবর্জনা
কাঁদছে সেও গোপনে আমার মতোই
বললো: তবুও নিজেই চেপে রেখে চলি
দিলে দাও তোমারটুকুও যদি বইতে পারি!
বহুকাল ধরে নদী অবাঞ্ছিত আবর্জনা মেখে
এভাবেই সাগর খুঁজতে গিয়ে কাল শেষে
এখন সেও মাঝ পথে কুঁজো হয়ে দুঃখ করে
সবাই ঢেলে বাঁচে, খোঁজে ভার মুক্তির নদী
অথচ গোপন রেখে যদি মেনে নিত সহজেই
নদী ও সাগর আজও নির্মল থেকে যেত
মাখতে হতো না প্রকৃতির সব থেকে নোংরা পানি।



