
আটলান্টিক সিটিতে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের সাউথ জার্সির প্রবাসী বাঙালিদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে।
১৬ ডিসেম্বর সন্ধ্যায় আটলান্টিক সিটির ফেয়ারমাউনট এভিনিউয়ের ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। এসব অনুষ্ঠানের মধ্যে ছিল প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, বিজয়ের কথামালা, মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি, যুদ্ধদিনের ও দেশের গান পরিবেশন। বিজয় দিবসের অনুষ্ঠানের বিশেষ আয়োজনের মধ্যে ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা। এছাড়া ওইদিন সকালে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফুড ব্যাংকের আওতায় ‘খাদ্য সহায়তা’ প্রদান করা হয়।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় বিজয় দিবসের কথামালায় অংশ নেন শাহরিয়ার আহমদ, মনিরুজামান, সৈয়দ শহীদ, ফারুক তালুকদার, কাউন্সিলর মো. হোসাইন মোর্শেদ, গিয়াসউদদীন পাঠান, মো. বেলাল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহসান, বীর মুক্তিযোদ্ধা মো।। আলম গাজী দুলাল, বীর মুক্তিযোদ্ধা ম. আব্দুল হালিম খান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া, আব্দুর রফিক প্রমুখ ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহসান, বীর মুক্তি যোদ্ধা মো. আলম গাজী দুলাল, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হালিম খান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়াকে সম্বর্ধিত করা হয়। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিএএসজের কর্মকর্তাবৃন্দ ।
আলোচনা সভায় আলোচকরা মহান স্বাধীনতা যুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেনট জিয়াউর রহমান ও চার জাতীয় নেতাসহ অন্যান্যদের অবদান কৃতজ্ঞতাভরে স্মরণ করেন। তারা বলেন, ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে মুক্তিবাহিনী যুদ্ধ করেছিল সেই স্বপ্ন এখনও সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। দেশে ও প্রবাসে সবাইকে বিভেদ ভূলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কল্যাণে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে কাজ করে যেতে হবে।



