
আত্মঘাতী বোমা হামলার পেছনে দায়েশ: পাকিস্তান পুলিশ
পাকিস্তানের আত্মঘাতী বোমা হামলার পেছনে সন্ত্রাসী সংগঠন দায়েশ দায়ী বলে মনে করছে দেশটির পুলিশ। এই আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে এবং ১০০ জন আহত হয়েছে। রোববার (৩০ জুলাই) বিকেলে খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার জেলায় জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে এ বোমা হামলা হয়। খবর জিও নিউজের।
বাজুয়ার জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) নাজির খান বলেন, বাজুয়ার ও পার্শ্ববর্তী এলাকার হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে বেশিরভাগ আহতদের নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহতদের বাজুয়ার থেকে সামরিক হেলিকপ্টারে পেশোয়ারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেশটির আইনশৃঙ্খলা বাহিনী বলছে,’আমরা এখনো বাজুয়ার বিস্ফোরণের বিষয়ে তদন্ত করছি এবং তথ্য সংগ্রহ করছি। প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে নিষিদ্ধ সংগঠন দায়েশ জড়িত ছিল।’
পুলিশ আরও জানায়, তারা আত্মঘাতী বোমা হামলাকারী সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
ডিপিও খান বলেন, এই হামলার সঙ্গে জড়িত, এমন সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।
গত বছরের শেষের দিকে যখন তেহরিক-ই-তালেবান (টিটিপি) ইসলামাবাদের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করে। এরপর থেকেই এই প্রদেশটিতে সন্ত্রাসী হামলায় বৃদ্ধি পেয়েছে। এই বছরের প্রথমদিকে পেশোয়াররে একটি মসজিদে বোমা হামলায় ১০০ জন মানুষ নিহত হয়।
জাতিসংঘের নিরাপত্তা সংস্থা সস্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে বলা হয়, টিটিপি সম্ভবত আল কায়দার সঙ্গে এক হয়ে একটি প্রধান সংঘটন গড়ে তুলবে যারা দক্ষিণ এশিয়ার সক্রিয় সব জঙ্গিদের আশ্রয় দেবে।
পাকিস্তান দীর্ঘদিন ধরেই আফগানিস্তানকে ইসলামাবাদের জঙ্গি সংঘটনদের আশ্রয় না দেওয়ার ব্যাপারে সতর্ক করে আসছে। কিন্তু আন্তঃসীমান্ত জঙ্গিবাদ এখনো অব্যাহত আছে।
জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং কেপি তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খানের কাছে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।
হামলা হওয়া দলটি প্রধানমন্ত্রী শেহবাজের জোট সরকারের অন্যতম প্রধান মিত্র। পাকিস্তান জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।



