
আন্ত বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহার করবে কাতার-রাশিয়া
পারস্য উপসাগরের দেশগুলোর সঙ্গে দিন দিন রাশিয়ার বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। এখন বাণিজ্যে ডলার নির্ভরতা কমাতে বিকল্প মুদ্রা ব্যবহারের পরিকল্পনা করছে। এরই মধ্যে কাতার এবং রাশিয়া অভ্যন্তরীণ বাণিজ্য লেনদেনের সুবিধার্থে তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে। দোহায় মস্কোর রাষ্ট্রদূত দিমিত্রি ডগাডকিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত জুন মাসে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির মধ্যে বৈঠকের সময় বিষয়টি উত্থাপন হয়। সে সময় পারস্পরিক বাণিজ্যে বৈচিত্র্য আনতে এবং নিজস্ব মুদ্রার ব্যবহার বাড়াতে এই প্রস্তাব দেয় রাশিয়া। তবে কাতার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ডগাডকিন বলেন, ‘রাশিয়া-কাতার বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে।
২০২৩ সালের প্রথম প্রান্তিকে এই বাণিজ্য ১৯.২৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হচ্ছে। রাশিয়ান প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের মাধ্যমে আমরা সফলভাবে দুই দেশের বাণিজ্য অংশীদারি বিকাশ করছি। বেশ কয়েকটি যৌথ প্রকল্পে ১.৯ বিলিয়ন ডলার বিনিয়োগ হতে যাচ্ছে।
’
নিষেধাজ্ঞা আরোপের পর, রাশিয়া এবং উন্নয়নশীল দেশগুলো পশ্চিমা আর্থিক ব্যবস্থার ব্যবহার কমাতে এবং বাণিজ্য মীমাংসার জন্য মার্কিন ডলার এবং ইউরোকে এড়িয়ে নিজস্ব মুদ্রা ব্যবহার জোরদার করেছে।
সূত্র: দোহা নিউজ



