আন্তর্জাতিক

আফগানদের দেশ ছাড়তে ‘বাধা দিচ্ছে’ তালেবান

তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। দেশ ছেড়ে পালাতে তারা কাবুল বিমানবন্দরে ভিড় করলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তার আওতায় থাকা বিমানবন্দরের দিকে এখনও মানুষ ছুটছেন। আর এসব মানুষকে পথে পথে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান শহরজুড়ে তল্লাশিচৌকি বসিয়েছে। এমনকি বিমানবন্দরে প্রবেশের সব মুখেই তাদের পাহারা রয়েছে। ফলে যেসব আফগান দেশ ছাড়তে চান, তাদের এসব তল্লাশিচৌকি পার হয়ে যেতে হচ্ছে। আর এ সময়ই বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

এমন ঘটনার পর যুক্তরাষ্ট্র তালেবানের প্রতি অনুরোধ জানিয়ে বলছে, তারা আশা করছেন— যারা আফগানিস্তান ছাড়তে চান, তাদের যেন আর বাধা না দেওয়া হয়।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান বলেন, আমরা জানতে পেরেছি— তালেবান যে ঘোষণা দিয়েছে এবং আমাদের সরকারকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তার সঙ্গে কাজের কোনো মিল নেই। আফগানদের মধ্যে যারা দেশ ছাড়তে চাইছেন, তাদের বিমানবন্দরে যেতে বাধা দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট আরও বলেন, বিষয়টি নিয়ে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কথা হয়েছে। এটি তাদের স্পষ্ট করে বলা হয়েছে, আমরা আশা করছি, যুক্তরাষ্ট্রের সব নাগরিক, অন্য সব দেশের নাগরিক এবং যেসব আফগান দেশ ছাড়তে চাইবেন, তাদের নিরাপদে এবং কোনো ধরনের হয়রানি ছাড়া কাবুল ত্যাগ করতে পারবে।

তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মিলিয়ে এখন পর্যন্ত চার হাজার ৮০০ জনের বেশি মানুষকে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এ সময় দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন দেশের দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে ২০ বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষমতা হারানো তালেবান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension