
আবর্জনায় পড়ে থাকা মোবাইলের ব্যাটারিতে প্রাণ গেল ৩ বছরের শিশুর
আবর্জনায় পড়ে থাকা মোবাইলের ব্যাটারিতে বিস্ফোরণে সুরজ মণ্ডল নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ জুলাই) সকালে ভারতের পশ্চিমবঙ্গের মালদহের কালিয়াচক থানা এলাকার রাজনগর ঘোষপাড়ায় ঘটনাটি ঘটেছে। খবর আনন্দবাজারের।
পরিবারের সূত্র দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৬টার দিকে মায়ের সঙ্গে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল ওই শিশু। তখন রাস্তার পাশে একটি আবর্জনার স্তূপে আগুন ধরে গিয়েছিল। ওই আগুন থেকেই বিস্ফোরণ ঘটে একটি মোবাইলের ব্যাটারি ছিটকে এসে শিশুটির গলায় লাগে। এতে গুরুতর জখম হয় শিশু সুরজ। তাকে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে সুরজকে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে তদন্তকারীরা।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কেউ বিড়ি খেয়ে হয়তো ওই আবর্জনার স্তূপে ফেলেছিল। তা থেকে আগুন ধরে আবর্জনায় পড়ে থাকা মোবাইলের নষ্ট ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে।



