
‘আমার ভারতে আমি কেন নিরাপদ বোধ করছি না’, সংসদ চত্বরে একাই প্রতিবাদ তরুণীর
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে। তারই প্রতিবাদ জানিয়ে বিপাকে পড়লেন এক তরুণী। ‘আমার ভারতে আমি কেন নিরাপদ বোধ করছি না’, এই বার্তা প্ল্যাকার্ডে ঝুলিয়ে ঘোরাতেই পুলিশ তাঁকে আটক করে।
বছর কুড়ির তরুণী অনু দুবে শনিবার সংসদ চত্বরে ‘হোয়াই আই কান্ট ফিল সেফ ইন মাই অউন ভারত’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে ফুটপাথে বসেছিল। সংসদের ২ নম্বর এবং ৩ নম্বর গেটে তাঁকে দেখা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, বছর কুড়ির তরুণীকে জন্তর-মন্তরে প্রতিবাদ জানাতে বলা হলে সে যেতে অস্বীকার করে। এই ঘটনার পরেই পুলিশের গাড়িতে করে তাঁকে পার্লামেন্ট স্ট্রীট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। তাঁর অভিযোগ শুনে পুলিশ তাঁকে ছেড়ে দেয়।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অনু দুবে জানিয়েছেন, “তিনি সরকারী আধিকারিকদের সঙ্গে দেখা করতে চান।” এই প্রসঙ্গে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতি মালিয়াল অভিযোগ করেছেন, ওই মহিলাকে পুলিশ মেরেছে।



