
‘আমার সমস্যা হলেই ও বুঝে যায়’, সলমন প্রসঙ্গে বললেন ক্যাটরিনা
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: এক সময়ে সম্পর্কে থাকলেও, আজ ক্যাটরিনা কাইফ ও সলমন খানের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক। সেই প্রভাব পড়ে পর্দাতেও। বন্ধুতার জন্যই দুজনের রসায়নে মুগ্ধ দর্শকরা। সম্প্রতি এক জাতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে সলমনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কথা বলেন ক্যাটরিনা।
ক্যাটরিনা স্পষ্ট জানান, তাঁর জীবনে কোনও সমস্যা এলেই সলমন ঠিক বুঝে যান। ক্যাটরিনার কথায়, সলমন সব সময়ে আমার সঙ্গে থেকেছেন। ও সব সময়ে বছরের পর বছর ধরে আমার সঙ্গে থেকে আমায় সাহায্য করেছে। এমনও হয়েছে আমার জীবনে খুব সমস্যা চলছে। এদিকে সলমনের সঙ্গে কোনও যোগাযোগও নেই। ওর জানার কথাও নয় আমার সমস্যার ব্যাপারে। কিন্তু সেই সময়গুলোতে ঠিক ওর সঙ্গে দেখা হয়ে যায়। ও বুঝতে পারে আমার কোনও সমস্যা হলে।
ক্যাটরিনা আরও বলেন, সলমন আমার সারা জীবনের বন্ধু। ও এমন একটা মানুষ যাঁকে বিশ্বাস করা যায়। ওর সঙ্গে আমার বিশেষ একটা যোগাযোগ রয়েছে বলে মনে হয়।
তবে শুধু সলমনের সঙ্গে নয়। সলমনেক পরিবার, বিশেষ করে তাঁর বোন অলভিরা ও অর্পিতার সঙ্গে খুব ভাল সম্পর্ক। ক্যাটরিনার কথায়, ওরা আমার অষ্টম ও নবম বোন।
প্রসঙ্গত, সলমনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ক্যাটরিনা। সেই সম্পর্ক টেকেনি। কিন্তু সলমনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থেকে গিয়েছে।
সলমন ও ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল আলি আব্বাস জাফরের ভারতে ছবিতে। সেই ছবিতে ক্যাটরিনার অভিনয় প্রশংসিত হয়েছে। দুজনের রসায়নও মুগ্ধ হয়েছেন ভক্তরা।



