
নিউ ইয়র্ক এখনও কোভিড-১৯ মহামারীর অর্থনৈতিক প্রভাব থেকে পুনরুদ্ধার হয় নি: নিউ ইয়র্ক সিটি মেয়র
নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন, মেয়র হিসেবে আমি জনগণের নিরাপত্তা ও মঙ্গল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি তা বাস্তব। এটা কোন গোপন বিষয় নয় যে আমাদের সিটি এখনও কোভিড-১৯ মহামারীর অর্থনৈতিক প্রভাব থেকে পুনরুদ্ধারের মধ্য দিয়ে যাচ্ছে। সেইসাথে চলমান আশ্রয়প্রার্থী সংকটের জন্য মিলিয়ন মিলিয়ন খরচ করতে হচ্ছে। এসব অনিবার্য বাস্তবতাই আমাদের সিটি সংস্থানগুলিতে একটি বিশাল ফাঁক তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।
নিউ ইয়র্ক সিটির চলমান অর্থনৈতিক বাস্তবতা এবং তাঁর গৃহীত পদক্ষেপ নিয়ে ১মে সোমবার অপ- এড কলামে বিস্তারিত বলেছেন মেয়র এরিক অ্যাডামস। তিনি জানান, আগের সপ্তাহেই ২০২৪ সালের নির্বাহী বাজেট প্রকাশ করা হয়েছে। মেয়র অ্যাডামস উল্লেখ করেন, প্রেসিডেন্ট জো বাইডেন প্রায়শই বলেন, আমাকে আপনার বাজেট দেখান এবং আমি আপনাকে আপনার কাজের মান দেখাবো। এ কারণেই বাজেটে কর্মজীবী জনগণের এজেন্ডায় বিনিয়োগ করা হয়েছে। শিক্ষা, চাকুরি, আবাসন, স্বাস্থ্যসেবা এবং জননিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হয়েছে বলে তিনি জানান।
মেয়র অ্যাডামস বলেন, প্রত্যাশিত রাজস্বের চেয়ে ভাল এবং দক্ষ বাজেটের মাধ্যমে এ বছরের বাজেটের ভারসাম্য বজায় রাখা হয়েছে। দুই অর্থবছরে এক দশমিক ছয় বিলিয়ন ডলার সঞ্চয় করা সম্ভব হয়েছে কোন ছাঁটাই বা পরিষেবা কর্তন ছাড়াই। ১০৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের নির্বাহী বাজেটে অপরিহার্য পরিষেবাগুলি সংরক্ষণ করা হয়েছে এবং নিউ ইয়র্কবাসীর প্রতিদিনের জীবনকে উন্নত করে চলেছে বলে মেয়র উল্লেখ করেছেন। বাজেটের প্রায় ৬০শতাংশ অর্থাৎ ৬২ দশমিক ৫ বিলিয়ন ডলার শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক পরিষেবাগুলির জন্য রাখা হয়েছে।
বাজেট শ্রমজীবী মানুষের হাতে অর্থ ফেরত দেওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে বলে মেয়র বলেছেন। আয়কর ক্রেডিট, নগদ সহায়তা, স্ন্যাপ (এসএনএপি) এবং আরও এমন কিছু কর্মসুচীকে অগ্রাধিকার দেয়া হয়েছে ৷ সিটির যারা সরকারি অনুদানপ্রাপ্ত হাউজিং ভাউচারের উপর নির্ভর করে তারা যাতে বাড়িওয়ালাদের দ্বারা বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে বলে মেয়র বলেছেন।
নিউইয়র্ক সিটির উন্নয়নে ব্রডব্যান্ড প্রসারিত করা হয়েছে, যাতে প্রতিটি আয়ের স্তরে নিউ ইয়র্কবাসীরা উচ্চ-গতির ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারে, যা কর্ম, শিক্ষা থেকে টেলিমেডিসিন পর্যন্ত দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই অপরিহার্য। তিনি বলেছেন, ‘মাইসিটি’ প্ল্যাটফর্মে চাইল্ড কেয়ার, কর্মীবাহিনী এবং ব্যবসায়িক পরিষেবাগুলির জন্য অনলাইন পোর্টাল যুক্ত করা হয়েছে, যা সমস্ত নিউ ইয়র্কবাসীদের জন্য তাদের প্রয়োজনীয় শহরের পরিষেবা অ্যাক্সেস করা সহজ করে তুলছে৷
নিউ ইয়র্কবাসীরা শিক্ষাকে শক্তিশালী এবং সম্পূর্ণ অর্থায়ন নিশ্চিত করার বিষয়ে যথাযথভাবে উদ্বিগ্ন, এবং প্রশাসন নাগরিকদের এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে বলে তিনি জানান। সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের (সিইউএনওয়াই) ইনক্লুসিভ ইকোনমি ইনিশিয়েটিভ প্রোগ্রামকে সমর্থন করা সহ চাকরির প্রশিক্ষণ, শিক্ষানবিশ নিয়োগ এবং শিক্ষার জন্য বিনিয়োগ করা হচ্ছে বলে মেয়র জানান। যা শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, পরামর্শদান এবং চাকরির সুযোগ প্রদান করছে। এছাড়াও সিইউএনওয়াই পুনঃসংযোগ প্রোগ্রামকে অর্থায়ন ও সম্প্রসারণ করা হচ্ছে, যা CUNY ত্যাগ করা ছাত্রদেরকে সাহায্য করে থাকে। যারা কঠিন পরিস্থিতির কারণে ফিরে আসে এবং তাদের ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়।
মেডগার ইভার্স কলেজ ব্রুকলিন রিকভারি কর্পসে বিনিয়োগ করা হচ্ছে, যা বছরে ২০০ জন শিক্ষার্থীকে ব্রুকলিনের অলাভজনক এবং ছোট ব্যবসার সাথে সংযুক্ত করবে। এমন প্রকল্পগুলি অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বৃদ্ধিকে উৎসাহিত করে বলে তিনি অপ এড কলামে উল্লেখ করেন৷ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেয়রের কার্যালয় থেকে সমর্থন করা হচ্ছে বলে তিনি জানান।
বাজেটে আচরণগত স্বাস্থ্য জরুরী সহায়তা বিভাগ (বি-হার্ড) প্রোগ্রামের সম্প্রসারণ অব্যাহত রাখার মাধ্যমে মানসিক স্বাস্থ্য সংস্থানগুলিকে শক্তিশালী করা হচ্ছে। উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং পারিবারিক আশ্রয়ে থাকা শিশুদের মানসিক স্বাস্থ্য পরিষেবাগুলিকে সমর্থন করা হচ্ছে এবং ক্লাবহাউসগুলির ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে বলে মেয়র উল্লেখ করেছেন।
মেয়র অ্যাডামস বলেছেন, কর্মীবাহিনীকে ন্যায্য মজুরি দেওয়া অন্যতম অগ্রাধিকার। চলতি বছরের শুরুতে ডিসি ৩৭ এবং পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সাথে দীর্ঘ মেয়াদী শ্রম চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তিগুলি সিটির মজুরি বৃদ্ধির প্যাটার্ন সেট করবে বলে মেয়র এরিক অ্যাডামস বলেছেন। মেয়র বলেছেন, আমরা গর্বিত যে আমাদের প্রশাসন কর্মজীবী পরিবারকে সমর্থন করছে। ভালো চাকরির সুযোগ তৈরি করছে এবং জননিরাপত্তার উন্নতি করছে।



