
আমেরিকান হত্যার ঘটনায় ক্ষমা চাইল মেক্সিকোর ড্রাগ কার্টেল
মেক্সিকোর সীমান্ত শহর মাতামোরোসে বৃহস্পতিবার (৯ মার্চ) যুক্তরাষ্ট্রের ৪ নাগরিককে অপহরণ ও ২ নাগরিককে হত্যার ঘটনায় ক্ষমা চেয়েছে মাদক চোরাকারবারিদের একটি সংঘবদ্ধ দল (ড্রাগ কার্টেল)। এরই মধ্যে এ ঘটনায় জড়িত দাবি করে ৫ ব্যক্তিকে তারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।
তদন্তের সঙ্গে যুক্ত ও সংবাদমাধ্যমের কিছু সূত্র বিষয়টি জানিয়েছে।
মেক্সিকান সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে কার্টেলের একটি ভিন্ন দলকে ঘটনার জন্য দায়ী করে ক্ষমা চেয়েছে অপর আরেকটি দল এবং অপহরণের সঙ্গে যুক্ত ৫ জনকে হস্তান্তরের বিষয়টিও জানিয়েছে তারা।
তদন্তের সঙ্গে যুক্ত মেক্সিকোর এক সূত্র বলছে, ৫ জনই এই হামলার জন্য দায়ী।
মাতামোরোস যে রাজ্যের শহর, সেই তামাউলিপাসের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।
তামাউলিপাসের অ্যাটর্নি জেনারেল এর আগে সোমবার বলেছিলেন, সম্ভবত ভুল পরিচয়ের কারণে যুক্তরাষ্ট্রের এই ৪ জনকে অপহরণ করা হয়, তবে কর্তৃপক্ষ এখনও হামলার কারণ নির্ধারণ করতে পারেনি।
মেক্সিকোতে গত ৩ মার্চ অস্ত্রের মুখে অপহরণের সময় গোলাগুলিতে যুক্তরাষ্ট্রের চার নাগরিকের মধ্যে দুজন মারা গেছেন।
নিহত দুজনের নাম জিনডেল ব্রাউন এবং শাইদ উডার্ড। হামলায় বেঁচে যাওয়া দুজন হলেন, লাটাভিয়া ‘টে’ ম্যাকজি এবং এরিক জেমস উইলিয়ামস।
টেক্সাস থেকে সীমান্ত পেরিয়ে মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের মাতামোরোস শহরে গাড়ি চালানোর সময় যুক্তরাষ্ট্রের চার নাগরিককে অস্ত্রধারীরা অপহরণ করে।
স্বজনরা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে জানিয়েছেন, ওই চারজনের মধ্যে একজন কসমেটিক সার্জারির জন্য মেক্সিকোতে গিয়েছিলেন।
সূত্র : ইউএসএ টুডে



