
বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার মামলায় ইমরানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় কোয়েটার আদালতের জারি করা অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা গতকাল শুক্রবার দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে বেলুচিস্তান হাইকোর্ট।
আগের দিন বৃহস্পতিবার কোয়েটার আদালত ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। একই সঙ্গে আদালত পিটিআই প্রধানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশও দিয়েছিলেন। এর আগে তোশাখানা মামলায় গত রোববার ইমরান খানকে তার লাহোরের বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ। তবে বাসায় ইমরানকে না পেয়ে ফিরে যায় পুলিশ।
গতকাল সকালে পিটিআই ওয়ারেন্ট বাতিল চেয়ে বেলুচিস্তান হাইকোর্টের দ্বারস্থ হয়। একই সঙ্গে মামলাটি বাতিলের দাবিও জানানো হয়। আদালতের বিচারক আবেদনকারীর আইনজীবীর যুক্তি শোনার পর গ্রেপ্তারি পরোয়ানা দুই সপ্তাহের জন্য স্থগিত করেন। এরপর দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করা হয়।
সূত্র : ডন



