
আমেরিকায় ব্যতিক্রমী আয়োজনে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড
১৫ বছর ধরে সফলতার সঙ্গে আয়োজিত হয়ে আসছে চ্যানেল আই মিউজিক আ্যাওয়ার্ড আসর। সেই ধারাবাহিকতায় এবার বসছে আসরটির ১৬তম অ্যাওয়ার্ড অনুষ্ঠান। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় এর আগে অনুষ্ঠিত হয়েছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি।
সেই ধারাবাহিকতা ঠিক রেখে এবারের অ্যাওয়ার্ড আসর বসছে আমেরিকার নিউইয়র্কে। ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’ স্লোগান নিয়ে ১৪ নভেম্বর অ্যাওয়ার্ড আসরটি অনুষ্ঠিত হচ্ছে।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশের সংগীতে বিভিন্নভাবে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে প্রদান করা হবে বিশেষ সম্মাননা। এছাড়া একজনকে দেওয়া হবে আজীবন সম্মাননা।
আগামী ১ জানুয়ারি পূর্ণ আয়োজনটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে বলে জানিয়েছেন শাইখ সিরাজ।
সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে ইমপ্রেস গ্রুপের পরিচালক এবং মিউজিক অ্যাওয়ার্ডস ২০২১ এর আমেরিকার প্রকল্প প্রধান জহিরউদ্দিন মাহমুদ মামুন জানান, ১৪ নভেম্বর নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিতব্য এ আসরের প্রথম পর্যায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।



